Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১০, ২০২৩

মঙ্গলবার সন্ধে পর্যন্ত ইডির কাছে জমা পড়েনি অভিষেকের নথি, কী ব্যবস্থা নেবে ইডি? জানিয়ে দিল আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
মঙ্গলবার সন্ধে পর্যন্ত ইডির কাছে জমা পড়েনি অভিষেকের নথি, কী ব্যবস্থা নেবে ইডি? জানিয়ে দিল আদালত

আদালতের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না মানেন, তবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ইডি। মঙ্গলবার এ কথা স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।

নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর কাছে ইডি যে নথি চেয়েছিল, সেই সব নথি আজ মঙ্গলবার, ১০ অক্টোবর জমা দেওয়ার কথা অভিষেকের । কিন্তু মঙ্গলবার দিন পার করে সন্ধে হলেও  অভিষেকের তরফ থেকে কোনও নথি জমা পড়েনি ইডির দফতরে। এর পরেই হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয়, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ না মানলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি।’’

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ অভিষেককে ইডির কাছে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। গত ৫ অক্টোবর বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয়কুমারের বেঞ্চ সেই নির্দেশ দেয়। বিচারপতি সেন বলেছিলেন, ‘‘অভিষেককে ওই দিনই সব নথি জমা দিতে হবে। তার পর তাঁকে একটি ঘণ্টাও অতিরিক্ত সময় দেবে না আদালত। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে বলেছিল, ‘‘অভিষেকের জমা দেওয়া নথিতে ইডি যদি সন্তুষ্ট না হয়, তবে তাঁকে হাজিরা দিতে বলতে পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।’’

এর পরই মঙ্গলবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলাটি ওঠে। বিচারপতি অমৃতা সিনহার  কাছে তদন্তের রিপোর্ট জমা দেয় সিবিআই এবং ইডি। অভিষেকের রিপোর্ট নিয়ে কিছু ক্ষণ কথোপকথন হয় দু’পক্ষের মধ্যে।

ইডির আইনজীবী: এই মামলায় নতুন তদন্তকারী অফিসার ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত অভিষেক কোনও নথি জমা দেননি ইডির কাছে।

বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, হার্ড কপি অর্থাৎ কাগজপত্র লিখিত নথি না কি সফ্‌ট কপি অর্থাৎ কম্পিউটারে থাকা ফাইল,  কী দিতে বলেছিল ডিভিশন বেঞ্চ?

উত্তরে ইডির আইনজীবী বলেন,  ডিভিশন বেঞ্চে হার্ড কপি দেওয়ার কথাই বলা হয়েছিল। সফ্‌ট কপি দেওয়া হয়েছে কি না জানা নেই।

এর পরেই বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, আদালতের নির্দেশ না মানলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি। সে ক্ষেত্রে ইডির কাছে নথি জমা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাত ১২টা পর্যন্ত সময় রয়েছে অভিষেকের হাতে। তার মধ্যে নথি জমা দিতে না পারলে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুসারে অভিষেকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি।

এখন দেখার ইডির কাছে মঙ্গলবার রাত ১২টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নথি দেওয়া হয় কি না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!