Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৪, ২০২৩

আবগারি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠালো সিবিআই। রবিবার হাজিরার নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
আবগারি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠালো সিবিআই। রবিবার হাজিরার নির্দেশ

দিল্লি সরকারের বিতর্কিত আবগারি নীতি বাতিল হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত চালিয়ে যেতে চায়। এজন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠালো সিবিআই। সাম্প্রতিক সময়ে দেশের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমন পাঠায়নি। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে এভাবে সমন পাঠানোয় নজির তৈরি হল।

রবিবার কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করার জন্যে সিবিআই সমন পাঠালেও তিনি হাজিরা দেবেন কিনা সেবিষয়ে এখনও আম আদমি পার্টির তরফে কিছু জানানো হয়নি। কেজরিওয়াল নিজেও এপর্যন্ত বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাননি। এদিকে সিবিআইয়ের বক্তব্য, দিল্লি সরকারের পুরনো আবগারি নীতি নিয়ে কেজরিওয়ালকে জেরা করার দরকার রয়েছে। এব্যাপারে সিবিআইয়ের দাবি, তাঁদের হাতে নতুন প্রমাণ রয়েছে।

আপের তরফে ইতিমধ্যেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আবগারি নীতি নিয়ে বেনিয়মের কোনও ঘটনাই ঘটেনি। বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার রাজনীতি করছে। আপের বক্তব্য. উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপকে কাঠগড়ায় তোলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আপ সরকারের একাধিক নেতা, মন্ত্রীকে নিশানা করা হয়েছে অতীতেও। আপ যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিল, সেই লড়াই আগামীদিনেও চালানো হবে।

আম আদমি পার্টির প্রবীণ নেতা সঞ্জয় সিংয়ের কথায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমালোচনার রাস্তা থেকে আপ সরবে না। প্রসঙ্গত, বাতিল হওয়া যে আবগারি নীতি নিয়ে বেনিয়মের অভিযোগ উঠেছে, গত বছরে দিল্লি সরকার তা প্রণয়ন করেছিল। এই নীতিতে খুচরো বিক্রেতাদের বেনিয়ম করে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আর তাতে কয়েক কোটি টাকার বেনিয়ম হয়েছে বলে অভিযোগ। ওই টাকা ২০২২ সালে আপ গোয়া বিধানসভায় নির্বাচনে ছড়িয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

বিজেপির বিকল্প হিসেবে কেজরিওয়াল পরিচালিত আপ নিজেকে তুলে ধরছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লাগাতারভাবেই সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর জেরেই বিজেপি প্রতিহিংসার পথ বেছেছে বলে অভিযোগ আপের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!