Advertisement
  • দে । শ
  • মে ১৩, ২০২৩

নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশি্ক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

আরম্ভ ওয়েব ডেস্ক
নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশি্ক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠালো মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থপ্রতিম চট্টোপাধ্যায়কে। সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেন পার্থপ্রতিমবাবু। নবম-শ্রেণিতে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ করে সিবিআই কর্তারা এদিন জিজ্ঞাসাবাদ করছেন পার্থপ্রতিমবাবুকে।

সিবিআই সূত্রের খবর, নিজাম প্যালেসে দুর্নীতি দমন শাখার কার্যালয়ে সিবিআই গোয়েন্দারা পার্থপ্রতিম চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পার্থপ্রতিমবাবুকে এদিন জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। যদিও এবিষয়ে সিবিআই এখনও সরকারিভাবে কিছুই জানায়নি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আগেই গ্রেফতার হয়েছেন। কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করে বেআইনি নিয়োগ সম্পর্কে সূত্র পাওয়ার পরে এদিনের জেরায় পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থপ্রতিম চট্টোপাধ্যায়ের কাছ থেকে সিবিআই আধিকারিকরা নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোনও গুরুত্বপূর্ণ তথ্য আদায় করতে পারলেন কিনা তা জানায়নি সিবিআই। প্রসঙ্গত, বেআইনি নিয়োগের পিছনে কাদের হাত ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মূলত সেব্যাপারেই প্রশ্ন করা হয়।

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পার্থপ্রতিমবাবুকে জিজ্ঞাসাবাদ করেছে কোন পথে বেআইনি নিয়োগ করা হত সেই বিষয়েও। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ড সম্প্রতি নতুন নতুন দিকে মোড় নিচ্ছে। গত শুক্রবার ২০১৬ সালে চাকরি পাওয়া ৩৬ হাজার জনের চাকরি বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি বাতিল হলেও আদালতের নির্দেশানুসারে আগামী চারমাস যাঁদের চাকরি গিয়েছে তাঁরা স্কুলে যেতে পারবেন। এইসময়ে প্যারা টিচারদের বেতন কাঠামো অনুসারেই আদালতের নির্দেশানুসারে ওঁরা বেতন পাবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!