Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৮, ২০২৩

মিড-ডে মিলের ডাল কিনতে কেন্দ্রের নির্দেশ। রুচিতে অমিল, তাই সায় দিল না বাংলা।আপত্তি বিজেপি শাসিত একাধিক রাজ্যের

আরম্ভ ওয়েব ডেস্ক
মিড-ডে মিলের ডাল কিনতে কেন্দ্রের নির্দেশ। রুচিতে অমিল, তাই সায় দিল না বাংলা।আপত্তি বিজেপি শাসিত একাধিক রাজ্যের

মিড-ডে মিলের জন্যে চানা ডাল নাফেড থেকে কেনার জন্যে রাজ্যগুলিকে লিখিতভাবে জানালো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এতে সাড়া দেয়নি বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্য এবং তৃণমূলশাসিত রাজ্য পশ্চিমবঙ্গ। সূত্রের খবর, উত্তরপ্রদেশ ছাড়াও বিজেপিশাসিত একাধিক রাজ্য নাফেড থেকে ডাল কেনার ব্যাপারে অনাগ্রহী। আপশাসিত পঞ্জাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাছে ওই নির্দেশের ব্যাখ্যা চেয়েছে।

সূত্রের খবর, রাজ্যগুলিকে গত ২৮ মার্চ ওই চিঠি পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন বা নাফেড কৃষিপণ্য সমবায়ের শীর্ষ সংস্থা।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নাফেড থেকে ডাল কেনা সংক্রান্ত যে চিঠি রাজ্য সরকারগুলিকে পাঠিয়েছে, তাতে এও বলা হয়েছে, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এক্ষেত্রে রাজ্যগুলিকে দামে ছাড় দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব পি পাণ্ডে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় চিঠি পাঠিয়ে চানা ডাল কী পরিমাণে দরকার তা জানাতে বলা হয়েছে। এর আগে রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাগুলিকে যে গাইডলাইন দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষা দফতর তাতে অবশ্য মিড-ডে মিলের জন্যে নাফেড থেকে ডাল কেনার ব্যাপারে কিছু বলা হয়নি। যদিও প্যাক করা খাদ্যদ্রব্য কিনতে বলা হয়। খোলা বাজার থেকে প্যাক না করা খাদ্যদ্রব্য যেন কেনা না হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছিল।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ওই চিঠির প্রাপ্তিস্বীকার করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসুর অভিযোগ, করোনা অতিমারির সময়ে নাফেড যে ডাল পাঠিয়েছিল, তা অতি নিম্নমানের। অধিকাংশ অভিভাবকই তাতে আপত্তি জানিয়েছিলেন। তাছাড়া নাফেড যে চানা ডাল সরবরাহ করবে, তা বঙ্গবাসীর খাদ্যের রুচির সঙ্গে মেলে না। বাংলায় মিড-ডে মিল তৈরিতে মুসুর ডাল ব্যবহার করা হয়। ফলে আমরা নাফেড থেকে চানা ডাল নেবো না।

সূত্রের খবর, উত্তর-পূর্বের দুটি বিজেপিশাসিত রাজ্যও নাফেড থেকে ডাল নিতে রাজি নয়। বিজেপিশাসিত উত্তরপ্রদেশ সরকারের শিক্ষা দফতরের এক পদাধিকারী জানিয়েছেন, নাফেড থেকে ডাল নেওয়ার কোনও দরকার পড়বে না। কেননা যথেষ্ট সরবরাহ মেলে রাজ্যের অভ্যন্তর থেকেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!