Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ৪, ২০২৬

বাড়ল অগ্নিবীরদের চাকরির মেয়াদ, থাকছে নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ?

আরম্ভ ওয়েব ডেস্ক
বাড়ল অগ্নিবীরদের চাকরির মেয়াদ, থাকছে নিয়মিত সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ?

২০২২ সালে ‘অগ্নিপথ’ প্রকল্প ঘোষণার পর থেকেই দেশ জুড়ে প্রবল বিতর্ক শুরু হয়েছিল। উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, রাজস্থান, ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যে সেনাবাহিনীতে চাকরির প্রত্যাশী তরুণদের একাংশ রাস্তায় নেমে লাগাতার বিক্ষোভও দেখান। কোথাও কোথাও সে বিক্ষোভ হিংসাত্মক চেহারাও নিয়েছিল। তাঁদের প্রধান আপত্তি ছিল, দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে স্থায়ী চাকরির প্রস্তুতি নেওয়ার পরেও নতুন ব্যবস্থায় মাত্র চার বছরের জন্য কাজের সুযোগ মিলবে। তার পর প্রতি চার জনের মধ্যে তিন জনকেই বাহিনী ছেড়ে চলে যেতে হবে। ফলে প্রশিক্ষণ ও চাকরির গুরুত্বপূর্ণ কয়েকটি বছর কাটানোর পর তাঁদের ভবিষ্যৎ কর্মসংস্থান কী ভাবে সুনিশ্চিত হবে, সে প্রশ্ন উঠেছিল।

বিরোধীদের একাংশের অভিযোগ ছিল, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বল্পমেয়াদি নিয়োগের ব্যবস্থা চালু করলে বাহিনীর অভিজ্ঞতা, ধারাবাহিকতা এবং যুদ্ধের প্রস্তুতির উপর প্রভাব পড়তে পারে। একই সঙ্গে অগ্নিবীরদের সঙ্গে নিয়মিত সেনাকর্মীদের বেতন, সুযোগ-সুবিধা, পেনশন কিংবা চাকরির নিরাপত্তার ক্ষেত্রে যে পার্থক্য তৈরি হবে, তা নিয়েও আপত্তি ওঠে। চার বছরের মেয়াদ শেষে যাঁরা বাহিনী ছাড়বেন, তাঁরা নিয়মিত সেনাকর্মীদের মতো পেনশন এবং অবসরকালীন অন্যান্য সুবিধা পাবেন না। ফলে সামরিক প্রশিক্ষণ নিয়ে কর্মজীবনের মাঝপথে অসামরিক ক্ষেত্রে ফিরে যেতে বাধ্য হওয়া তরুণদের পুনর্বাসন কতটা কার্যকর হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন সমালোচকেরা।

প্রাক্তন সেনাকর্মী ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা ছিল, সেনাবাহিনীতে শুধু শারীরিক সক্ষমতা নয়, দীর্ঘ অভিজ্ঞতা, পারস্পরিক বোঝাপড়া আর নির্দিষ্ট বাহিনীর সঙ্গে দীর্ঘদিন কাজ করার মধ্য দিয়ে যে পেশাদার দক্ষতা তৈরি হয়, তা স্বল্পমেয়াদি চাকরির কাঠামোয় ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, কেন্দ্রের যুক্তি ছিল, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে বাহিনীর গড় বয়স কমানো, তরুণ ও প্রযুক্তিগত ভাবে দক্ষ কর্মী নিয়োগ, দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা খাতে বেতন ও পেনশন বাবদ ব্যয়ের বোঝা কমানো সম্ভব হবে। চার বছরের মেয়াদ শেষে অবসর নেওয়া অগ্নিবীরদের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাসও দিয়েছিল সরকার। তাঁদের জন্য এককালীন ‘সেবা নিধি’ প্যাকেজের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সামরিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতার শংসাপত্র দেওয়ার কথাও বলা হয়েছিল, যাতে তাঁরা পরবর্তী সময়ে অসামরিক ক্ষেত্রে কাজের সুযোগ খুঁজতে পারেন। পরবর্তীতে, বিক্ষোভের মুখে প্রথম ব্যাচের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ বছর করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ শূন্যপদ সংরক্ষণের ঘোষণাও করা হয়েছিল। একাধিক রাজ্যও পুলিশ-সহ বিভিন্ন সরকারি চাকরিতে তাঁদের অগ্রাধিকারের কথা জানায়। তবে সমালোচকদের বক্তব্য ছিল, এ ধরনের সংরক্ষণ বা কর্মসংস্থানের আশ্বাস চার বছর পর প্রত্যেক অগ্নিবীরের জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প হতে পারে না।

এ প্রকল্পের আওতায় সেনা, নৌসেনা এবং বায়ুসেনায় চার বছরের জন্য অগ্নিবীর নিয়োগের ব্যবস্থা করা হয়। প্রকল্পের মূল শর্ত অনুযায়ী, চার বছরের মেয়াদ শেষে প্রতিটি ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত বাহিনীতে নিয়োগ করা যেতে পারে। বাকিদের ফিরে যেতে হয় অসামরিক জীবনে। প্রথম ব্যাচের অগ্নিবীরদের চার বছরের মেয়াদ শেষ হওয়ার মুখে। চলতি বছরের শেষেই প্রায় ১৮ হাজার অগ্নিবীরের প্রাথমিক চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার কথা। এরইমধ্যে অগ্নিবীরদের চাকরির মেয়াদ আরও দু-বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। চার বছরের প্রাথমিক মেয়াদ শেষে যাঁরা নিয়মিত সশস্ত্র বাহিনীতে নিয়োগের সুযোগ পেতেন না, সেই ৭৫ শতাংশ অগ্নিবীরকে আরও দু-বছর বাহিনীতে কাজ করার সুযোগ দেওয়া হবে। শুধু তা-ই নয়, অতিরিক্ত দু-বছরের মেয়াদ শেষ হওয়ার পর তাঁদের কর্মদক্ষতা, সেনার নির্দিষ্ট নির্বাচনী মাপকাঠির ভিত্তিতে নিয়মিত বাহিনীতে অন্তর্ভুক্তির জন্য ফের বিবেচনা করা হবে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণী।

বুধবার সাংবাদিক বৈঠকে জেনারেল সুব্রহ্মণী বলেন, ‘আজ ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ও অগ্নিবীরদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মন্ত্রিসভা সমস্ত অগ্নিবীরের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্তির পথ তৈরি করেছে।’ তাঁর বক্তব্য, গত চার বছরে অগ্নিবীরদের কাজের ধারাবাহিক মূল্যায়ন হয়েছে। তাঁদের কর্মদক্ষতা সম্পর্কে বাহিনীর বিভিন্ন স্তর থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, তা ইতিবাচক। প্রকল্পটি চালুর সময় থেকেই নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনার কথা বলা হয়েছিল। সেই পর্যালোচনার ভিত্তিতেই অতিরিক্ত দু-বছরের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন ব্যবস্থায় প্রাথমিক চার বছরের মেয়াদ শেষে নিয়মিত বাহিনীতে নিয়োগ না পাওয়া অগ্নিবীরদের আরও দু-বছর কাজ করতে হবে। অর্থাৎ, তাঁদের মোট কর্মজীবনের মেয়াদ দাঁড়াবে ছ-বছর। তার পরেও বাহিনীতে থেকে যাওয়ার ইচ্ছা থাকলে নির্দিষ্ট যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে তাঁদের নিয়মিত বাহিনীতে নিয়োগের জন্য বিবেচনা করা হবে। তবে এ সুযোগ স্বয়ংক্রিয় নয়। অতিরিক্ত দু-বছরের মেয়াদ শেষ হলেই যে প্রত্যেককে স্থায়ী ভাবে নিয়োগ করা হবে, এমন কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।

‘সিডিএস’ স্পষ্ট করেছেন, পরবর্তী নির্বাচন নির্ভর করবে কর্মদক্ষতা, কাজের মূল্যায়ন আর সেনার নির্ধারিত বাছাই শর্তের উপর। অগ্নিবীরদের ভবিষ্যৎ নিয়োগের ক্ষেত্রে কর্মদক্ষতাকেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জেনারেল সুব্রহ্মণী। তিনি জানান, প্রতি বছর অগ্নিবীরদের কাজের মূল্যায়ন করা হয়েছে। সেই মূল্যায়ন আর বাহিনীর অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্পের কাঠামোয় পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। অতিরিক্ত দু’বছরের মেয়াদে তাঁদের কাজের মান, দায়িত্ব পালনের দক্ষতা, শারীরিক সক্ষমতা, বাহিনীর প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য বিচার করা হবে। তার পরেই নিয়মিত বাহিনীতে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অগ্নিপথ প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ‘সিডিএস’। জবাবে তিনি জানান, প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত নিয়ম মেনেই হবে। তবে অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজনীয় পর্যালোচনার সুযোগ রয়েছে। কোনো ব্যবস্থাই অপরিবর্তনীয় নয়। সময়ের সঙ্গে পাওয়া অভিজ্ঞতা এবং বাহিনীর প্রয়োজনের কথা মাথায় রেখেই ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। অগ্নিবীরদের প্রশিক্ষণ ও ভবিষ্যৎ কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন ‘সিডিএস’। তাঁর বক্তব্য, প্রশিক্ষণ বলতে শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি বোঝায় না। নৈতিক মূল্যবোধ, প্রযুক্তিগত জ্ঞান, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ও বিভিন্ন ধরনের দায়িত্ব পালনের দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় কাজের উপযোগী করে অগ্নিবীরদের প্রশিক্ষণ দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।

পাশাপাশি তাঁদের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর সুযোগও তৈরি করা হচ্ছে। যাঁরা দশম শ্রেণি উত্তীর্ণ, তাঁদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আবার দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ অগ্নিবীরদের স্নাতক স্তরের যোগ্যতা অর্জনের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন জেনারেল সুব্রহ্মণী। সেনাবাহিনীতে কাজের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি এবং দক্ষতার শংসাপত্র ভবিষ্যতে অসামরিক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। বেতন, পদোন্নতি এবং চাকরির অন্যান্য শর্ত নিয়েও আলোচনা হয়েছে। সে প্রসঙ্গে প্রথম বছরে ৪৩,৫০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৪৭,০০০ টাকার বেতনের অঙ্ক উল্লেখ করা হয়েছে। তবে অতিরিক্ত দু-বছরের মেয়াদে বেতন কাঠামো, দায়িত্ব এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত শর্ত কী হবে, তা সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত হবে। বর্তমানে চালু থাকা ‘সেবা নিধি’ প্যাকেজও বহাল থাকবে বলে জানানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!