- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২২, ২০২৫
৩ গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, রুদ্ধশ্বাস ম্যাচে বেনফিকাকে ৫-৪ ব্যবধানে হারালো বার্সিলোনা
এভাবেও ফিরে আসা যায়! বার্সিলোনাকে না দেখলে সত্যিই বিশ্বাস করা খুবই কঠিন। প্রথমার্ধে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন। চ্যাম্পিয়ন্স লিগের মহানাটকীয় ম্যাচে বেনফিকাকে ৫-৪ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল বার্সিলোনা। এই রকম স্কোরলাইন চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথম। লিসবনের এস্তাদিও দ্য লুজ সাক্ষী থাকল অবিশ্বাস্য, অভাবনীয় এক ম্যাচের।
ঘরের মাঠে যে কোনও দলই বাড়তি উদ্দীপ্ত হয়ে মাঠে নামবে, এটাই স্বাভাবিক। তাই বলে বার্সিলোনার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়া! অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। গ্রিসের স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে প্রথমার্ধেই ৩–১ গোলে এগিয়ে গিয়েছিল বেনফিকা। মনে হচ্ছিল বার্সিলোনার বিপক্ষে স্মরণীয় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে পর্তুগিজ ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখল বার্সা। বেনফিকাকে হারিয়ে সরাসরি শেষ ষোলোতে খেলাও নিশ্চিত করল হান্সি ফ্লিকের দল।
বার্সিলোনার ডিফেন্ডারদের ভুলেই সুযোগের সদ্ব্যবহার করেন পাভলিদিস। মাত্র ৩০ মিনিটেই ৩ গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে তৃতীয় দ্রুততম হ্যাটট্রিক। ২ মিনিটে প্রথম গোল। ১৩ মিনিটে পেনাল্টি থেকে বার্সেলোনার হয়ে সমতা ফেরান লেওয়ানডস্কি। ২২ মিনিটে পাভলিদিসের দ্বিতীয় গোল। ৩০ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক। ৩–১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ফ্লিকের দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাফিনিয়া। ম্যাচের ৬৪ মিনিটে তাঁর গোলে ব্যবধান কমিয়ে ৩–২ করে ফেলে বার্সা। কিন্তু এর কিছুক্ষণ পরেই রোনাল্ডো আরাউহোর আত্মঘাতী গোলে ৪–২ ব্যবধানে এগিয়ে যায় বেনফিকা। তখন বেনফিকার জয় নিশ্চিতই মনে হচ্ছিল।
কিন্তু ৭৮ মিনিটে লামিনে ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে আরেকটি গোল করে খেলা জমিয়ে তোলেন লেওয়ানডস্কি। ৮৬ মিনিটে পেদ্রির দুর্দান্ত ক্রস থেকে হেডে ৪–৪ করে ফেলেন বদলি এরিক গার্সিয়া।
এরপর রাফিনিয়ার শেষের জাদু। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে, রেফারি শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহুর্তে ফেরান তোরেসের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে গতিতে বক্সে ঢুকে, বেনফিকা ডিফেন্ডার আলভারো কারেরাসকে কাটিয়ে গোলকিপার আনাতোলি ত্রুবিনকে যেভাবে ফাঁকি দিয়ে বল জালে পাঠান।
❤ Support Us








