- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৬, ২০২২
থাইল্যান্ডের মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়যাত্রা
এশিয়া কাপে ইতিহাস থাইল্যান্ডের মহিলা ক্রিকেট দলের। টানটান উত্তেজনার ম্যাচে ১ বল বাকি থাকতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপে তাঁদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। থাইল্যান্ডের জয়ের পেছনে দারুণ অবদান ন্যাথাকান চান্থামের। দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে তিনি দলকে ঐতিহাসিক জয় এনে দেন। পাকিস্তানকে হারানোর পর উল্লাসে মেতে ওঠেন থাইল্যান্ডের ক্রিকেটাররা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। ভাল শুরু করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলি ও সিদ্রা আমিন। ওপেনিং জুটিতে ওঠে ২৫। পঞ্চম ওভারে প্রথম ধাক্কা। ১৪ বলে ১৫ রান করে আউট হন মুনিবা। অধিনায়ক বিসমা মারুফও রান পাননি। ৭ বলে মাত্র ৩ রান করে তিনি আউট হন। থাইল্যান্ডের বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটাররা খুব বেশি আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ পাননি। নাইদা দার ২২ বলে ১২ রান করে আউট হন। আয়েশা নাসিম করেন ৮। সিদ্রা আমিনের ৬৪ বলে ৫৬ রানের সুবাদে পাকিস্তান সম্মানজনক জায়গায় পৌঁছয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রান তোলে পাকিস্তান।
জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্য নিয়ে দারুণ শুরু করে থাইল্যান্ড। ৮ ওভারে ওপেনিং জুটিতে তুলে ফেলে ৪০। এরপরই ধাক্কা খায়। ২৪ বলে ১৩ রান করে আউট হন নান্নাপাত কোনচারোয়েনকাই। অন্যপ্রান্তে উইকেট পড়লেও একদিক ধরে রাখেন নাথাকান চান্থাম। ১৮.৪ ওভারের মাথায় তিনি আউট হন। থাইল্যান্ডের রান তখন ১০৫/৬। ৫১ বলে ৬১ রান করেন চান্থাম। শেষ ওভারে জয়ের জন্য থাইল্যান্ডের দরকার ছিল ১০ রান। শেষ ওভারে বল করতে আসেন দিয়ানা বেগ। ১ বল বাকি থাকতে থাইল্যান্ডকে ঐতিহাসিক জয় এনে দেন বোচাথাম। তিনি ৩ রান করে অপরাজিত থাকেন। রোজনান কানহো ৯ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন নাইদা দার ও তুবা হাসান। ম্যাচের সেরা হন চান্থাম।
এই জয়ের ফলে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে এশিয়া কাপের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে থাইল্যান্ড। তিন ম্যাচে দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তিন ম্যাচে তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত।
❤ Support Us








