- এই মুহূর্তে
- মার্চ ২৯, ২০২২
এবার পাঞ্জাবেও ‘দুয়ারে রেশন’! মমতার দেখানো পথেই নাগরিক পরিষেবা দিতে আগ্রহী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
বাংলার দেখানো পথেই এবার পাঞ্জাবের নয়া আপ সরকার। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পের শরণাপন্ন হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তাঁর সরকার। একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মান ঘোষণা করেছেন, এবার থেকে আর রেশনের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না কাউকে। বাড়িতেই রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সরকার। গুণমানের কথা মাথায় রেখে গম, ডালের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে।
ফেব্রুয়ারিতেই নতুন সরকারকে নির্বাচিত করেছেন পাঞ্জাববাসী। সেসময় আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান নির্বাচনী প্রতিশ্রুতিতে এই দুয়ারে রেশনের কথা বলেছিলেন। ঘোষণা করেছিলেন, একবার তাঁকে ক্ষমতায় আনলে বাড়ির দোরগোড়ায় রেশন পৌঁছে দেবেন তিনি। ব্যাপক সাড়া পড়েছিল তাতে। মানের প্রতিশ্রুতিতে ভরসা রেখে তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেন পাঞ্জাববাসী। ১১৭ বিধানসভার পাঞ্জাবে ৯২ টি আসনে জিতে সরকার তৈরি করে অরবিন্দ কেজরিওয়ালের আপ ।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘রেশন নিতে কিংবা রোজকার প্রয়োজনীয় খাবারদাবারের জন্য আর কাউকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। এখন থেকে আমাদের সরকারি আধিকারিকরা গিয়ে আপনার সমস্ত নথি পরীক্ষা করে বাড়িতেই তা পৌঁছে দেবে। পাশাপাশি তিনি এই আশ্বাসও দিয়েছেন, খাদ্যদ্রব্যের গুণমান নিয়ে চিন্তার কিছু নেই। সরকার সেসব স্বাস্থ্যবিধি ও গুণমান অক্ষুণ্ণ রেখেই সরবরাহ করা হবে। এ প্রসঙ্গে মান উল্লেখ করেন, দিল্লিতেও এভাবে রেশন সরবরাহ ব্যবস্থা শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তা চালানো যায়নি। তবে পাঞ্জাব সরকার নাগরিক পরিষেবায় উন্নতির স্বার্থে এই প্রকল্প চালিয়ে যেতে বদ্ধপরিকর।
❤ Support Us







