- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৩১, ২০২৪
দেশে মাথা পিছু বাৎসরিক গড় আয়ের ৭.৩ গুণ উপার্জন মুখ্যমন্ত্রীদের । সম্পদের নিরিখে ব্যতিক্রমী মমতা
দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় , সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। একঝলকে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণ।
সোমবার ভারতের ২৮ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের সম্পত্তির খতিয়ান নিয়ে রিপোর্ট দিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (ADR). নির্বাচনী হলফনামার উপর ভিত্তি করে প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিজস্ব কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোট পুঁজির পরিমাণ দেখানো হয়েছে ১৫ লক্ষ টাকা। মমতার মতো জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সম্পত্তি কোটি টাকার নিচে। ওমরের সর্বমোট ৫৫ লক্ষ টাকার মালিক। দ্বিতীয় গরীব মুখ্যমন্ত্রী তিনি। তালিকায় মমতা ও ওমরের পরেই রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। অন্যদিকে সাম্প্রতিক সময়ের দেশের সবচেয়ে ‘ধনী’ মুখ্যমন্ত্রীর নাম অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। দ্বিতীয় স্থানে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তাঁর সম্পত্তির মোট পরিমাণ ৩৩২ কোটি টাকা। এমনই তথ্য তুলে ধরেছে এডিআর। তালিকায় দেশের বাকি মুখ্যমন্ত্রী কে কোথায় রয়েছেন ?
এই রিপোর্ট অনুযায়ী দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মুখ্যমন্ত্রীদের গড় সম্পতির পরিমাণ ৫২.৫৯ কোটি টাকা। রিপোর্টে আরও বলা হয়েছে ভারতে ২০২৩-২৪ অর্থবর্ষে সাধারণ মানুষের মাথা পিছু বাৎসরিক গড় আয় ১ লক্ষ ৬৪ হাজার ৩১০ টাকা। সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের আয় গড়ে ১৩ লক্ষ ৬৪ হাজার ৩১০ টাকা। যা দেশের মাথাপিছু আয়ের থেকে ৭.৩ গুণ বেশি। ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১৬৩০ কোটি টাকা।
২০১১ সালে নির্বাচনে জেতার পর থেকে টানা ৩ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায়। তাঁর নামই উঠে এলো দেশের গরীব মুখ্যমন্ত্রী হিসাবে।। তিনি বরাবরই দাবি করেছেন, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনও বেতন নেন না। সাতবারের সাংসদ হিসেবে তিনি যে পরিমাণ পেনশন পান, নেন না বাংলার মুখ্যমন্ত্রী। নিজের লেখা বই এবং গানের রয়্যালটি থেকেই তাঁর রোজগার হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার আগেও মমতা একাধিক হাইপ্রোফাইল পদ সামলেছেন। তা সত্ত্বেও তাঁর সাদামাটা জীবনযাপন বহুল চর্চিত। কালীঘাটে তাঁর অনাড়ম্বর জীবন নজর কাড়ে সকলেরই। এই রিপোর্ট যেন তার ‘সততার প্রতীক’ তকমায় নতুন করে আলো ফেলেছে।
এডিআর – এর রিপোর্ট বলছে, দেশের অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর ৩৩২ কোটি টাকার বিপুল সম্পত্তি থাকলেও তাঁর ঋণ রয়েছে সবচেয়ে বেশি – ১৮০ কোটি টাকা। এ ছাড়া ধনী তালিকায় তৃতীয় স্থানে থাকা কংগ্রেসের সিদ্দারামাইয়া (মোট সম্পত্তি ৫১ কোটি) তাঁরও ঋণ প্রায় ২৩ কোটির বেশি। তবে দেশের ধনীতম মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ঋণ ১০ কোটি টাকারও কম।
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকার সম্পত্তি। বিহারের নীতীশ কুমারের রয়েছে ১ কোটি ৬৪ লাখ টাকার সম্পত্তি। দিল্লির আতিশী মার্লেনারও রয়েছে ১ কোটি ৪১ লাখ টাকার সম্পত্তি। এডিআর রিপোর্ট এও জানিয়েছে, ১৩ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে খুন, অপহরণ-সহ গুরুতর সব ফৌজদারি মামলা রয়েছে।
❤ Support Us







