- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ৬, ২০২৫
বাংলাদেশে শারীরিক হেনস্থার শিকার হয়েছেন বাংলার ৯৫ মৎসজীবী, এমন আচরণ গ্রহণযোগ্য নয়। গঙ্গাসাগরে বললেন মুখ্যমন্ত্রী
জলসীমা লঙ্ঘনের দায়ে বাংলাদেশের হাতে আটক থাকা ভারতীয় মৎসজীবীদের ওপর শারীরীক নির্যাতন হয়েছে । সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে, এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
গত অক্টোবরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও নামখানার ৯৫ জন মৎস্যজীবী তাঁদের ৬টি ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন । জল সীমা অতিক্রম করার অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌসেনা তাঁদের গ্রেফতার করে । অন্যদিকে ভারতীয় জলসীমায় প্রবেশের অপরাধে এদেশের কারাগরে আটক ছিলেন ৯০ জন মৎস্যজীবী এবং দুটি মাছধরার ট্রলার । রবিবার, দুই দেশের মধ্যে এই বন্দি বিনিময়ের প্রক্রিয়া সম্পন্ন হয় । গোটা প্রত্যার্পণ প্রক্রিয়ায় ভারত এবং বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী একসঙ্গে কাজ করে । আটক ট্রলার এবং মৎসজীবীরা নিজেদের নিজেদের ভূখন্ডে ফিরে গেছেন।
সোমবার সাগরদ্বীপে ভারতে ফিরে আসা মৎসজীবীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী । সেখানেই মমতা বলেন, ‘ মৎসজীবীদের বাংলাদেশে মারধর করা হয়েছে । পা থেকে কোমড় পর্যন্ত চোট রয়েছে । খুঁড়িয়ে হাঁটছেন অনেকে । জখম মৎসজীবীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।’ পরে এবিষয়ে তাঁর আরও সংযোজন, প্রথমে মৎস্যজীবীরা বাংলাদেশে তাদের ওপর অত্যাতারের কথা বলতে চাননি, পরে মুখ্যমন্ত্রী প্রশ্ন করলে মৎস্যজীবীরা জানান, তাঁদের কয়েক জনকে মারধর করা হয়েছিল । এ দিন দেশে ফেরা মৎস্যজীবীদের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা ও শাল তুলে দেন তিনি । মমতা জানান, এত দিন তাঁরা বাংলাদেশের জেলে ছিলেন । বাড়ি ফিরে তাঁরা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, তাই এই আর্থিক সাহায্য ।
এদিন গঙ্গাসাগর থেকে মৎসজীবীদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জেলে ছিলেন । অনেক চেষ্টা করে তাঁদের ফেরত নিয়ে এসেছি । আমরা নিয়মিত যোগাযোগ রাখতাম । ’ স্থানীয় বিধায়ক থেকে জেলাশাসক, পুলিশ সুপারকে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি । তিনি বলেন, ‘বাংলাদেশের ট্রলার আটকে গেলে এমনটা করা হয়নি । কিন্তু ভারতের মৎসজীবীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’
পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে এসে কেন্দ্রের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগরকে জাতীয় মেলার করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন তাঁর সরকার । বহু অনুরোধ করা সত্ত্বেও গঙ্গাসাগর মেলায় টাকা দেয় না কেন্দ্র । একাধিকবার কেন্দ্রকে জানিয়ে কোনও লাভ হয়নি । কুম্ভকে হাজার কোটি টাকা অর্থ সাহায্য করে কেন্দ্র ।
❤ Support Us







