- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৮, ২০২৫
সোমবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
২৬ এ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বছরের শুরুতেই জেলা সফরে বের হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ, মালদা ও আলিপুরদুইয়ার জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সূচিতে রয়েছে একাধিক প্রশাসনিক বৈঠক। ২০ জানুয়ারি, সোমবার হেলিকপ্টারে করে মুর্শিদাবাদের লালবাগে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে নামবেন তিনি। প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। উপস্থিত থাকবেন জেলার সমস্ত বিধায়ক ও সাংসদ। জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, লালবাগে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন দফতরের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। জেলা তৃণমূল নেতারা আশা করছেন উন্নয়ণমূলক নানা প্রকল্পের পাশাপাশি অনুষ্ঠান থকে জঙ্গিপুরকে আলাদা জেলা করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্তরে যুদ্ধকালীন প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠানের পর ওই দিনই হেলিকপ্টারে করে মালদহ চলে যাবেন তিনি।
মঙ্গলবার মালদহ জেলার প্রশাসনিক কর্মসূচি রইয়েছে তাঁর। এরপরই নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়ি যাবেন তিনি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলবেন। গত ২ জানুয়ারি নিজের বাড়ি সংলগ্ন এলাকায় দুস্কৃতীদের হাতে খুন হয়েছেন দাপুটে নেতা। খুনের ঘটনায় আরেক তৃণমূল নেহা সহ বেশ কয়েকজনে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগঠনের মনোবল ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলা তৃণমূল নেতৃত্ব।
বুধবার আলিপুরদুয়ার জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সঙ্গে মাদারিহাটে পরিষেবা প্রদান এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁর যোগদান করার কথা রয়েছে। শেষ উপনির্বাচনে প্রথমবার তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে মাদারিহাটে।
ভারত-বাংলাদেশের সীমান্ত সমস্যা চাপ বাড়াচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার আবহ, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এই সমস্যাগুলি নিয়ে নির্দিষ্ট বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে। তার পাশাপাশি জেলার নানান উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করতে পারেন তিনি। ইতিমধ্যে নেত্রীর আগমনে আলিপুরদুয়ারে সাজো সাজো রব। ২২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ৩ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ২৩ শে জানুয়ারি সুভাষিণী চা বাগানে সভা করবার কথা তাঁর। প্রশাসনিক সভা থেকে জমির পাট্টা, বাংলা আবাস যোজনা, শিক্ষাশ্রী, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প সুবিধে কয়েক হাজার নাগরিকদের তুলে দেওয়া হবে। ইতিমধ্যে মাদারিহাটের তিনটি চা বাগানে ৭০০ ‘চা সুন্দরী শ্রমিক আবাস’ তৈরি করা হয়েছে। চা শ্রমিকরা এখন প্রতিদিন ২৫০ টাকা মজুরি পাচ্ছেন। বাগানগুলিতে মেটানো হয়েছে পানীয় জলের সমস্যা।
আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করতে মরিয়া তৃণমূল। সাম্প্রতিককালে ভোট শতাংশ বেড়েছে। উপনির্বাচনে জয় মিলেছে। এ অবস্থায় সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি করতে চাইছেন দলের সর্বোচ্চ নেত্রী। জেলার তৃণমূল নেতাদের মানুষের মধ্যে কাজ করে জনসংযোগ তৈরি করবার স্পষ্ট বার্তা দিতে চলেছেন তিনি।
❤ Support Us






