Advertisement
  • দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১, ২০২৩

ব্রিজভূষণকে গ্রেফতারি দেরি কেন ? যন্তর-মন্তরে কুস্তিগীরদের প্রতিবাদী মঞ্চে সরব সিধু

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রিজভূষণকে গ্রেফতারি দেরি কেন ? যন্তর-মন্তরে কুস্তিগীরদের প্রতিবাদী মঞ্চে সরব সিধু

ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা লোকসভার বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? এই প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। দিল্লিতে যন্তর-মন্তরে কুস্তিগীররা প্রতিবাদে সামিল ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে। সোমবার যন্তর-মন্তরে গিয়ে প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি পূর্ণ সমর্থন জানান সিধু। তিনি বলেন, এই লড়াই প্রত্যেক মহিলার সম্মান ও মর্যাদার লড়াই।

এদিন যন্তর-মন্তরে প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করার পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নভজ্যোৎ সিং সিধু। টুইট করে সিধু প্রশ্ন তুলেছেন, ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পুলিশ দেরি করেছে কেন? উচিত কাজ জেনেও সেই কাজ না করাটা কাপুরুষতার নামান্তর।

ইতিমধ্যে যন্তর-মন্তরে প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী রাজনীতিকদের একাংশ। এঁদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, রাষ্ট্রীয় লোকদলের নেতা জয়ন্ত চৌধুরী, জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক, দিল্লির আপ সরকারের একাধিক মন্ত্রীও। প্রসঙ্গত, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের  যৌন হেনস্থা করার অভিযোগ তুলে যন্তর-মন্তরে ওই অবস্থানে সামিল বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটের মতো প্রখ্যাত কুস্তিগীররা।

বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগও। এটি পকসো আইন জামিন অযোগ্য অভিযোগ। এসত্ত্বেও ব্রিজভূষণকে কেন গ্রেফতার করা হচ্ছে এদিন এই প্রশ্ন তুলেছেন সিধু। তিনি বলেছেন, কেন ব্রিজভূষণকে আড়াল করা হচ্ছে? প্রভাবশালী ব্যক্তিদের জন্যে আইন কি পৃথক? স্বচ্ছ তদন্তের স্বার্থে ব্রিজভূষণকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। সেই জরুরি কাজ যেমন করা হচ্ছে না, আর ব্রিজভূষণ শরণ সিংকে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি পদ থেকে গুরুতর অভিযোগের ওঠার পরেও কেন সরানো হল না, এই প্রশ্নও তুলেছেন সিধু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!