- এই মুহূর্তে দে । শ
- মে ৫, ২০২৩
বহু ভাষার প্রচারের নামে হিন্দিকেই প্রাধান্য দিচ্ছে বিজেপি: অভিযোগ কংগ্রেসের
বিজেপি সব ভাষার প্রচারের পক্ষে যে পদক্ষেপ করেছে সেই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের নিন্দায় সরব হয়েছে কংগ্রেস।
শুক্রবার কংগ্রেসের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই প্রসঙ্গে মন্তব্যের বিরুদ্ধাচারণ করে বলা হয়েছে, বিজেপি সমস্ত ভাষার প্রসারের নামে প্রচার করলেও নরেন্দ্র মোদির সরকার শুধু সংস্কৃতের প্রচারের জন্য ৬৪০ কোটি টাকা ব্যয় ধার্য করেছে অথচ কন্নড় ভাষার প্রসারে মাত্র ৩ কোটি টাকা ব্যয় ধার্য করেছে।
এই প্রসঙ্গে শাহ সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, বিজেপি সমস্ত ভারতীয় ভাষার প্রচারের পক্ষে কাজ করছে এবং আঞ্চলিক ভাষার প্রচারের নামে হিন্দিকে প্রচার করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
অমিত শাহের এই মন্তব্যের প্রতিক্রিয়ায়, কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত নেতা জয়রাম রমেশ একটি টুইট বার্তায় বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী একটি সাক্ষাৎকারে দাবি করেছেন যে বিজেপি সমস্ত ভাষার ‘প্রচারের’ জন্য কাজ করছে। এরপর টুইটে জয়রাম রমেশ প্রশ্ন করেছেন, আর তাই কি মোদি সরকার ৬৪০ কোটি টাকা সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারের জন্য ব্যয় করেছে? দেশের ছয়টি শাস্ত্রীয় ভাষার মধ্যে একটি হচ্ছে কন্নড় ভাষা, এই ভাষার প্রচারের জন্য মাত্র ৩ কোটি টাকা খরচ করা হচ্ছে? আর এই কারণেই কি কুভেম্পুকে যিনি অপমান করেছিলেন, তাঁকেই কর্ণাটকের ৪০ শতাংশের সরকার পাঠ্যপুস্তক সংশোধন কমিটির চেয়ারম্যান করেছিল?
এ কারণেই কি বন সংরক্ষণ (সংশোধন) বিল, ২০২২ আইনে ইংরেজি বাদ দিয়ে হিন্দি ঢোকানো হয়েছিল? সেই ঐতিহ্যকে সামনে রেখেই কি এই বহু ভাষা প্রচারের কাজ শুরু হয়েছে? এর পর জয়রাম রমেশ তাঁর টুইটে অমিত শাহের উদ্দেশে লেখেন, মাননীয় স্বারষ্ট্রমন্ত্রী আপনি কিন্তু এর পরেও এমন একজন ব্যক্তির জন্য কাজ করে চলেছেন যার মূলমন্ত্র হল অসত্যমেব জয়তে।
বিজেপি এবং কেন্দ্রীয় সরকার দক্ষিণ রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে কংগ্রেসের অভিযোগ খারিজ করে অমিত শাহ তাঁর সাক্ষাৎকারে বলেছেন নরেন্দ্র মোদির সরকার সংবিধানের অষ্টম তফসিলের সমস্ত ভাষায় বিভিন্ন নিয়োগ পরীক্ষা করার ব্যবস্থা করেছে।
❤ Support Us







