- প্রচ্ছদ রচনা
- জুলাই ৭, ২০২২
ভারতে করোনার নতুন উপরূপ বিএ ২.৭৫ হদিস মিলল, জানাল হু
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ভারতে হানা দিয়েছে করোনা ভাইরাসের ওমিক্রনের নতুন স্ট্রেইন বিএ ২.৭৫। করোনার এই স্ট্রেনের প্রভাব কেমন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হু প্রধান টেড্রস অ্যাডানাম গেব্রিয়েসাস। সম্প্রতি ইজরায়েলের এক বিজ্ঞানী দাবি করেছিলেন, ভারতের ১০টি রাজ্যে করোনার এই রূপের সংক্রমণ ঘটেছে। ওই ১০টি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। এমন পরিস্থিতিতে পঠন-পাঠন ঠিক রাখতে নো মাস্ক, নো স্কুল নীতি মেনে চলছেন বেশ কিছু বিদ্যালয়ের কর্তূপক্ষ । স্কুলগুলোর তরফে এমনই নোটিশ দেওয়া হল অভিভাবকদের। স্কুলের নোটিসে বলা হয়েছে, পড়ুয়ারা মাস্ক না পরলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না।
স্কুল চলাকালীন সময় এতক্ষণ ধরে বাচ্চারা কী করে মাস্ক পরে থাকবে, তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন অভিভাবকদের একাংশ। স্কুল কর্তৃপক্ষের কাছে তার উত্তরও পাঠিয়েছেন ইমেইল করে অভিভাবকদের একাংশ।মাস্ক পড়ার পাশাপাশি আরও একাধিক সাবধানতামূলক পদক্ষেপ নেওয়ার নোটিশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
আবার মাস্ক পরা বাধ্যতামূলক হওয়ার দিন যেন ফিরে আসছে। তবে, সেই মাস্কই আবার মাথাব্যথার কারণ হয়ে উঠছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা সকলের কাছে। কারণ ক্লাস চালু হওয়ার পর তিনটি স্তরেই মাস্টারমশাই, দিদিমণিদের সশরীরে ক্লাস নিতে হচ্ছে। কোথাও কোনও ক্লাসের সময় ৪৫ মিনিট, কোথাও আবার এক ঘণ্টা। গত কুড়ি মাসে অনলাইনে বাড়ি থেকে ক্লাস নেওয়ার ক্ষেত্রে মাস্কের কোনও বালাই ছিল না। কিন্তু এখন আবার ফিরে এসেছে মাস্কের কড়াকড়ি। তাই এবার পড়ুয়াদের নিয়ে আবার চিন্তিত অভিভাবকরা।
উল্লেখ্য, গত দু’সপ্তাহে বিশ্বে কোভিড সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও আমেরিকায় বিএ.৪ ও বিএ.৫-এর সংক্রমণ ঘটেছে। ভারতে বিএ ২.৭৫ স্ট্রেনের হদিস পাওয়া গিয়েছে। হু’র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, করোনার এই নতুন রূপ বিএ.২.৭৫ প্রথম পাওয়া গেল ভারতে। তার পর তা আরও ১০টি দেশে ছড়িয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭ জন। যা গতকালের থেকে ৪ হাজার ২৪৫ জন বেশি। দেশে অ্যাকটিভ কেস ০.২৭ শতাংশে পৌঁছে গিয়েছে। দেশের পজিটিভিটি রেট আরও উদ্বেগের। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.৩২ শতাংশ।
রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। এই সংখ্যাটাও গত কয়েক দিনের তুলনায় খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জন। করোনার দৈনিক আক্রান্তের সংখ্যায় স্বস্তি মিললেও সুস্থতার হার এখনও চিন্তার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ২১ হাজার ৯৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৬৫০ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫২ শতাংশ।
❤ Support Us







