- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ৭, ২০২৫
ট্রাম্পের বিরুদ্ধে শুল্কযুদ্ধে লড়তে ‘হাতি-ড্রাগনের যৌথ নাচ ‘ চায় বেইজিং
চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের এক সভার পর বক্তৃতায় চিনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘একসঙ্গে নাচুক হাতি ও ড্রাগন।’ ট্রাম্পের বিরুদ্ধে শুল্কযুদ্ধে ভারত এবং চিনের যৌথ শক্তির কথা বলতে গিয়ে এই উপমা ব্যবহার করেন তিনি।
চিনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরু করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কোপ থেকে বাদ পড়েনি ‘বন্ধু দেশ’ ভারতও। চিন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে – চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ দ্বিগুণ করেছে আমেরিকা। মার্কিন মুলুকে ভারতের রপ্তানি করা দ্রব্যেও বসেছে অতিরিক্ত ট্যাক্স। এই আবহে শুক্রবার চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নয়াদিল্লি এবং বেইজিংকে একসাথে কাজ করার এবং মার্কিন আধিপত্যবাদ আর ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। সে দেশের ন্যাশনাল পিপলস কংগ্রেসের এক সভার পর বক্তৃতায় চিনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘একসঙ্গে নাচুক হাতি ও ড্রাগন।’ ট্রাম্পের বিরুদ্ধে শুল্কযুদ্ধে ভারত এবং চিনের যৌথ শক্তির কথা বলতে গিয়ে এই উপমা ব্যবহার করেন তিনি।
ভারতের প্রতি মিত্রতার বার্তা দিয়ে ওয়াং ই বলেন, ‘পূর্ব লাদাখে বিগত ৪ বছর ধরে চলা সামরিক সংঘাতের সমাধানের পরে, ভারত ও চিনের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ভালো হয়েছে। রাশিয়ার কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সফল বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ এবার ড্রাগন আর হাতি একসঙ্গে নাচবে। এটাই সঠিক সিদ্ধান্ত। একে অপরকে হারানোর চেষ্টা না করে একে অপরকে সমর্থন করতে হবে আমাদের। একে অপরের বিরুদ্ধে ঢাল তুলে দাঁড়ানোর পরিবর্তে উভয় জাতির মৌলিক স্বার্থে সহযোগিতা জোরদার করা উচিত আমাদের। আমাদের কখনই দ্বিপাক্ষিক সম্পর্ককে সীমানা বিতর্ক দ্বারা সংজ্ঞায়িত করা উচিত নয়, সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে দেওয়া উচিত নয়। তাতেই দুই দেশের ফয়দা। যদি এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হয়, সমগ্র বিশ্বের পক্ষেই তা লাভজনক হবে।’
চিনের তরফ থেকে এমন এক সময়ে এ বার্তা এসেছে যখন চিন ও আমেরিকার পাশাপাশি ভারত শুল্কযুদ্ধে জড়িয়ে পড়েছে। আমেরিকা চিন থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করার প্রতিক্রিয়ায় আমেরিকার কৃষিপণ্য, সয়াবিন, গম ও শুয়োরের মাংসের ওপর ১৫% পর্যন্ত পাল্টা শুল্ক বসিয়েছে চিন। হোয়াইট হাউস বলেছে, ‘চিন যদি যুদ্ধ চায়, সে ব্যবসায়িক হোক বা অন্য কিছু, আমরা প্রস্তুত। গত বুধবার পাল্টা আমেরিকায় অবস্থিত চিনা দূতাবাস সমাজমাধ্যমে লিখেছে, ‘আমেরিকা যদি যুদ্ধই চায়, তা শুল্কযুদ্ধ হোক, বাণিজ্যযুদ্ধ হোক কিংবা অন্য কোনো যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে তৈরি আছি।’ ভারতের স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানি পণ্যের উপরেও ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। ভারতকে ‘উচ্চ শুল্কের দেশ’ ও ‘সুযোগ সন্ধানী’ বলে কটাক্ষ করেছেন। ট্রাম্পের মন্তব্যের পর ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের শেয়ার মার্কেটও, প্রায় ১০০০ পয়েন্ট নীচে নেমে গিয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প, অবৈধ অভিবাসন আর মাদক পাচারে মতো বিষয় উল্লেখ করে কানাডা ও মেক্সিকো – যুক্তরাষ্ট্রের দুটি বৃহত্তম বাণিজ্যিক অংশীদার -এর উপরও শুল্ক আরোপ করেছেন। এই পরিস্থিতিতে ভারত ও চিনের অবস্থান দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে, তা বলবার অপেক্ষা রাখে না।
যদিও এ ব্যাপারে নয়াদিল্লি এখনও কোনো সাড়া দেয় নি। তবে, বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত সরকার চিনের সাথে সম্পর্কের উন্নতির জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিবাচক পদক্ষেপের জন্য কূটনৈতিক আলোচনা চলছে, যার মধ্যে চিনের নিয়ন্ত্রণাধীন স্থানগুলিতে তীর্থযাত্রা পুনরায় শুরু করা, সরাসরি বিমান চলাচল ও সাংবাদিকদের আদান-প্রদানের মতো বিষয়গুলি রয়েছে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা রয়েছে। ১৯৬২ ও ১৯৬৭ সালের দুদেশের মধ্যে সংঘাতের পর বহুদিন নিয়ন্ত্রণরেখার আবহাওয়া ঠাণ্ডা ছিল। ২০১৭ সালে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। ডোকলামে টানা ৭৩ দিন দুপক্ষের মধ্যে সংঘাত চলে। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ানে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত ও চিনের সৈন্যরা। এরপর কূটনৈতিক স্তরেও বাধা পড়ে। দীর্ঘ সময়ের পর আবার কূটনৈতিক ও সামরিক স্তরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শান্তি ফিরে এসেছে। তবে এখনো অরুণাচল, সিকিম ও লাদাখের বিভিন্ন অংশ নিজেদের বলে দাবি করে চিনা সৈন্যরা সীমান্তচুক্তি প্রায়ই লঙ্ঘন করে। যা নিয়ে দুই দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে এবার আমেরিকার বিরুদ্ধে শুল্কযুদ্ধে পুরনো ‘শত্রুতা’ ভুলে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় ড্রাগনের দেশ।
❤ Support Us








