Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৩০, ২০২৩

মহিলাদের আইপিএলে ঝুলনকে বোলিং করতে চায় দিল্লি

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের আইপিএলে ঝুলনকে বোলিং করতে চায় দিল্লি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঝুলন গোস্বামী ও মিতালি রাজ জানিয়েছিলেন, মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণে তাঁরা খেলবেন। সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। মিতালি রাজকে আগেই আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি মেন্টর ও পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছে। এবার ঝুলন গোস্বামীকে বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে দিল্লি ক্যাপিটালসের ফ্র‌্যাঞ্চাইজি।
দিল্লি ক্যাপিটালসের কর্ণধাররাই মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি দলের মালিকানা পেয়েছেন। দিল্লি ফ্র‌্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভ গাঙ্গুলি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‌আমরা ঝুলন গোস্বামীকে বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছি। আশা করছি ঝুলন এই প্রস্তাবে রাজি হবে।’‌ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঝুলনকে বাংলার মহিলা ক্রিকেট দলের মেন্টর করেছে সিএবি।
ঝুলনকে বোলিং কোচ করার পাশাপাশি ডব্লুভি রামনকে মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একসময় তিনি ভারতীয় মহিলা দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন। সৌরভ বলেন, ‘‌ডব্লুভি ভারতীয় দলে দারুণভাবে দায়িত্ব সামলেছেন। সে কারণেই তাঁকে দিল্লির কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।’‌
সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যেই ডিরেক্টর অব ক্রিকেট পদে বসিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কর্ণধাররা। এই ফ্র্যাঞ্চাইজির যতগুলি দল রয়েছে তার ক্রিকেটীয় বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার আগে এই দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব নিয়ে দলের সামগ্রিক পারফরম্যান্সের উল্লেখযোগ্য উন্নতি ঘটান সৌরভ। ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর পক্ষেও ইতিবাচক ভূমিকা নেন। ফের নতুন দায়িত্বে এসেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছেন মহারাজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!