- এই মুহূর্তে
- অক্টোবর ৮, ২০২২
আবগারি তদন্তে দেশের ৩৫ জায়গায় ইডি–র তল্লাশি, নোংরা রাজনীতির অভিযোগ কেজরিওয়ালের
অরবিন্দ কেজরিওয়াল সরকারের ওপর ক্রমশ চাপ বাড়িয়েই চলেছে মোদি সরকার। দিল্লির আবগারি নীতিতে বেশ বড় রকমের অর্থ লেনদেন হয়েছে। এই সংক্রান্ত তথ্য হাতে পাওয়ার পর দিল্লি, পাঞ্জাব, হায়দরাবাদসহ দেশের প্রায় ৩৫টি জায়গায় তল্লাসি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডি–র এই তল্লাশি অভিযানকে কেন্দ্রীয় সরকারের নোংরা রাজনীতি বলে অভিহিত করেছেন।
আবগারি দুর্নীতি নিয়ে দিল্লির উপ–মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করে সিবিআই। সেই তদন্তে কেজরিওয়াল সরকারের একাধিক আধিকারিককে দফায় দফায় জেরা করে সিবিআই। মনীশ সিসোদিয়ার বাড়ি ও তাঁর দপ্তরে তল্লাশি চালায় সিবিআই। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিভিন্ন মদ ডিস্ট্রিবিউটারের বাড়ি এবং দফতর, মদ বিক্রেতা সহ বিভিন্ন জায়গাতে এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে। শুক্রবার ভোর থেকেই এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রথমেই তল্লাসি চালানো হয় দিল্লিতে। এছাড়াও পাঞ্জাব, হায়দরাবাদ সহ অন্তত ৩৫ টি জায়গাতে এই তল্লাশি চলছে। তল্লাসি অভিযানের জন্য ইডির তরফে বিশেষ টিম তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
ইডি–র এই তল্লাশির খবর প্রকাশ্যে আসার পরপরই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নোংরা রাজনীতি করা হচ্ছে বলে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। কেজরিওয়াল টুইটারে লিখেছেন, ‘মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে গত তিন মাস ধরে সিবিআই এবং ইডির ৩০০–র বেশি আধিকারিক ২৪ ঘন্টা ধরে লেগে রয়েছে। ৫০০–র বেশি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কিছুই পাওয়া যায়নি। কারণ সে কিছুই করেনি। নোংরা রাজনীতি করা হচ্ছে। সরকারি অফিসারদের সময় নষ্ট হচ্ছে। এভাবে কি দেশ মাথা তুলে দাঁড়াতে পারবে?’
❤ Support Us







