- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২০, ২০২২
দুই শহরের বৃষ্টি-ভেজা প্রেম।
ঢাকা আর কলকাতা, বাঙালি ও নিখিল বঙ্গ সংস্কৃতির কয়েশ বছরের ঐতিহ্যের অনির্বাণ সাক্ষী। একথা কেবল বাংলাবিশ্ব নয়, দুনিয়ার ভিন্নভাষীরাও অবগত। বয়সে ঢাকা প্রবীন। তাঁর স্মৃতিসত্তায় ছড়িয়ে রয়েছে প্রাচীন, মধ্যযুগ আর আধুনিক কালের মন ও মনন। ঢাকার নির্মাণে মুঘলদের অবদান অসামান্য। কলকাতার ভিতকে নিয়ন্ত্রণ করেছে ব্রিটিশের ঔপনিবেশিকতা যেমন, সেরকমই তার সাংস্কৃতিক বিকাশকে, নাগরিকতা বোধকে—বাংলার মাটি, বাংলার জল আর বাঙালির প্রাণচাঞ্চল্যে সবুজায়িত করে তুলেছে বিদেশি রাষ্ট্রশক্তির চিন্তাভাবনা। এ ভাবেই, দুই শহর একে অন্যের সঙ্গে গড়েছে চিত্ত আর বিত্তের সংযোগ।
জয় সরকার, শ্রীজাত মুখোপাধ্যায়, কণ্ঠশিল্পী ফাল্গুনী সরকার ফাগুন আর তথ্যচিত্র নির্মাতা রবিন নোমান ।
পারস্পরিক বিনিয়োগ আর চিন্তার বিনিময়ে, দুই শহরকে ঘিরে গড়ে উঠছে জাতিসত্তার স্বপ্ন, আকাঙ্খা, ঐতিহ্যের বিস্তার আর নবায়ণের যৌথ হৃদয়। হৃদয়ের এই ব্যঞ্জনাময়, লৌকিক ও নাগরিক নৈকট্য নিয়ে, ভিডিও চিত্রের আদলে, ‘দুই শহর প্রেম’ শিরোনামে অভূতপূর্ব প্রেমের গল্প বানিয়েছেন দুই শহরের ত্রয়ী—ঢাকার নোমান রবিন এবং কলকাতার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও জয় সরকার । শ্রীজাত-র লেখা গান, জয় সরকারের সুর আর রবিনের ভিডিও চিত্রের পরিকল্পনায় ঐতিহ্যের দুই শহর, বলা উচিত, খণ্ডিত বঙ্গ ফিরে পেয়েছে স্মৃতির অখণ্ডকে। কখনও সজল উচ্চারণে, কখনও উল্লাসে, কখনও বহমান প্রেমের অঙ্গীকারে। গানে কণ্ঠ মিলিয়েছেন ঢাকার ফাল্গুনী সরকার ফাগুন ।
দুই বাংলার আবেগের শহর ঢাকা ও কলকাতার প্রেম নিয়ে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের গীতি কবিতায়, জয় সরকারের সুর ও সংগীত আয়োজনে বাংলাদেশের তারকা নির্মাতা নোমান রবিনের নির্মাণ “দুই শহর প্রেম” মিউজিক ভিডিও।
শ্রীজাত-র গীতিময়তা আর গানের কবিতা আমাদের মুগ্ধ করে। ভিডিও চিত্রে ব্যবহূত গানগুলি বারবার স্মরণ করিয়ে দেয় যে, যেমন বৃষ্টিভেজা সকাল, যেমন শীতের সন্ধ্যা, বা গরমের দাহ সীমা মানে না, কাঁটাতার মানে না, তেমনি বাঙালির অনিঃশেষ প্রেম কলকাতা থেকে উড়তে উড়তে, আকাশ ভ্রমণে বেরিয়ে মুহূর্তে পৌঁছে যায় রমনায় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি চত্বরে, বাংলাদেশের সব প্রান্তে। ঢাকায় সূক্ষ্ণ ও লোকপ্রেমের স্রোতও একইভাবে কলকাতার দিকে ধাইছে। জয় সরকারের সুরে এই ধারাবাহিক, মিলন-উন্মুখ স্রোতের স্পর্শ কী সুগভীর ! রবিন আন্তর্জাতিক খ্যাতির তথ্যচিত্র নির্মাতা। তাঁর উদ্ভাবনা, তাঁর সূষ্টির আশ্চর্য উন্মেষ নির্বিশেষের অন্তরে ছুঁইয়ে দেয় ভিন্নতর প্রেম। তিন প্রেমিকের কর্মের ঐক্য আর মগ্নচেতনার পরবর্তী স্বপ্নের দিকে তাকিয়ে রইলাম ।
❤ Support Us










