Advertisement
  • এই মুহূর্তে
  • নভেম্বর ৫, ২০২২

আইপিএস সম্পত কুমারের বিরুদ্ধে মামলা ধোনির

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএস সম্পত কুমারের বিরুদ্ধে মামলা ধোনির

আইপিএস সম্পত কুমারের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই মামলার উৎস জড়িয়ে আছে ২০১৩ সালে আইপিএলের ম্যাচ ফিক্সিং মামলার সঙ্গে। মাদ্রাজ হাইকোর্টের কাছে আবেদনে ধোনি সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্য সম্পত কুমারকে অভিযুক্ত করেছেন। ধোনি আদালতকে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার এবং সমন জারি করার দাবি জানিয়েছেন। শুক্রবারই এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়ের অভাবে হয়নি। মঙ্গলবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কান্ডের তদন্তভার ছিল তৎকালীন আইজি সম্পত কুমারের ওপর। তদন্ত করতে গিয়ে সেই তিনি বলেছিলেন, ধোনি স্পট ফিক্সিং কান্ডের সঙ্গে জড়িত। তাঁর সম্পর্কে এইরকম মন্তব্য করায় সম্পত কুমারের বিরুদ্ধে ২০১৪  সালে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছিলেন ধোনি। মামলার আবেদনে তিনি বলেছিলেন, সম্পত কুমার যাতে তাঁর সম্পর্কে কোনও মন্তব্য না করতে পারেন। পাশাপাশি মানহানির জন্য ১০০ কোটি টাকাও ক্ষতিপূরণ চেয়েছিলেন।
২০১৮ সালের ১৪ মার্চ আদালত সম্পত কুমারকে ধোনির বিরুদ্ধে মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। এরপর ২০২১ সালের ডিসেম্বরে মানহানির মামলা বাতিল করার জন্য মাদ্রাজ হাইকোর্টে একটা লিখিত আবেদন করেন। আবেদনে তিনি জানিয়েছিলেন, এই ধরণের মামলার মাধ্যমে তাঁর কন্ঠরোধ করা হচ্ছে। সম্পত কুমার এই আদালতে এই আবেদন করার পর ধোনি তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে মামলা করেছেন। সম্পত কুমার কী বলেছিলেন, মামলা করার সময় তাও উল্লেখ করেছেন ধোনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!