- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৮, ২০২৪
নাটকীয় সাডেন ডেথে ৯–৮ ব্যবধানে জিতে ড্রিম স্পোর্টস ফুটবলের জাতীয় পর্যায়ের ফাইনাল পর্বে ইস্টবেঙ্গল
ড্রিম স্পোর্টস অনূর্ধ্ব ১৭ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের ফাইনাল পর্বে উঠল ইস্টবেঙ্গল। কলকাতা পর্বে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে হারিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১–১। ম্যারাথন সাডেন ডেথে ৯–৮ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় লালহলুদের ছোটরা।
চলতি মাসের ১ তারিখে শুরু হয়েছে এই সর্বভারতীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা। কলকাতা পর্বে অংশ নিয়েছিল পাঁচটি দল। একগুচ্ছ উঠতি প্রতিভা বিভিন্ন ক্লাবের হয়ে মাঠে নামে। গ্রুপ ‘এ’–তে শীর্ষে থেকে কলকাতা পর্বে ফাইনালে ওঠে ইস্টবেঙ্গল। গ্রুপের ম্যাচের তারা আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবকে ৭–০ ব্যবধানে হারায়। অন্যদিকে, গ্রুপ ‘বি’–র শেষ ম্যাচে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাব।
ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ফাইনালে প্রথম গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় অজয় সাহানি। গোটা কলকাতা পর্ব জুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দেয় লালহলুদের আক্রমণভাগের এই ফুটবলার। প্রথমার্ধের শেষে তার গোলেই এগিয়ে ছিল লালহলুদ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইউনাইটেড। ম্যাচের ৭৭ মিনিটে দুর্দান্ত শটে গোল করে সমতা ফেরায় ইউনাইটেডের সঞ্জীব ওঁরাও। নির্ধারিত সময়ে কোনও দল আর গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ইউনাইটেডের প্রথম দুটি শট আটকে ইস্টবেঙ্গলকে অ্যাডভান্টেজ এনে দিয়েছিল গোলকিপার দীপ। পরে ইউনাইটেডের গোলকিপার দেবরাজ সরকার দুটি শট আটকে ম্যাচ সাডেন ডেথে টেনে নিয়ে যায়। পেন্ডুলামের মতো দুলতে থাকা সাডেন ডেথ চলাকালীন মোক্ষম চাল দেন ইস্টবেঙ্গল কোচ বরুণ সেনগুপ্ত। গোলরক্ষক দীপকে তুলে নিয়ে নামান ডিফেন্ডার প্রোজ্জ্বল সাহাকে। শেষ শট আটকে প্রোজ্জ্বলই ইস্টবেঙ্গলকে জাতীয় পর্বের ফাইনালে তোলে।
❤ Support Us








