Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৩০, ২০২৩

২ গোলে পিছিয়ে পড়েও নাটকীয় প্রত্যাবর্তন, নর্থ–ইস্টকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল

আরম্ভ ওয়েব ডেস্ক
২ গোলে পিছিয়ে পড়েও নাটকীয় প্রত্যাবর্তন, নর্থ–ইস্টকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল

ম্যাচ শেষ হতে তখন কয়েক মিনিট বাকি। ২–১ ব্যবধানে পিছিয়ে ইস্টবেঙ্গল। হতাশ লালহলুদ সমর্থকরা। এবারও আর ডুরান্ড কাপের ফাইনালে যাওয়া হবে না। অনেকেই চেয়ার ছেড়ে বাড়ির পথে পা বাড়িয়েছেন। সেই সময়ই ঝলসে উঠল নন্দ কুমারের মাথা। ক্লেইটন সিলভার ব্যাক সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে এনে দিলেন জিয়নকাঠি। নন্দ কুমারের শেষ মুহুর্তের গোলেই সমতা। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ২–২। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাজিমাত ইস্টবেঙ্গলের। নর্থ–ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে ৫–৩ ব্যবধানে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল।
ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের প্রাধান্য ছিল। কিন্তু তিন কাঠি ভেদ করতে পারছিলেন না সিভেরিও, বোরহা, নওরেম মহেশ সিংরা। উল্টে খেলার গতির বিরুদ্ধে গোল করে এগিয়ে যায় নর্থ–ইস্ট ইউনাইটেড। ম্যাচের ২২ মিনিটে প্রতি আক্রমণে উঠে এসে বাঁদিক থেকে ঢুকে সেন্টার করেন ফাল্গুনি সিং। তাঁর সেন্টারে মাথা ছুঁইয়ে গোল করে নর্থ–ইস্ট ইউনাইটেডকে এগিয়ে দেন মিগুয়েল জাবাকো। প্রথমার্ধের বাকি সময় চাপ রাখলেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল।
ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। পারদোর জায়গায় মাঠে নামান বোরহা হেরেরাকে। আর নিশু কুমারের জায়গায় শৌভিক চক্রবর্তীকে। আক্রমণের তীব্রতা বাড়লেও আবার প্রতিআক্রমণে উঠে এসে ব্যবধান বাড়ায় নর্থ–ইস্ট। ৫৭ মিনিটে ডানদিক থেকে একক প্রয়াসে ঢুকে বাঁপায়ের দুরন্ত শটে গোল করে ২–০ করেন ফাল্গুনি সিং।
২ গোলে পিছিয়ে পড়ে আরও মরিয়া হয়ে ওঠেন কার্লেস কুয়াদ্রাত। আক্রমণে ধার বাড়াতে জর্ডন এলসের পরিবর্তে মাঠে নিয়ে আসেন ক্লেইটন সিলভাকে। আর খাবড়ার জায়গায় গুরসিমরত গিল। অবশেষে ৭৭ মিনিটে ব্যবধান কমায় ইস্টবেঙ্গল। ক্রেসপোর কাছ থেকে বল পেয়ে মহেশ সিং গোল লক্ষ্য করে শট নিলে নর্থ–ইস্ট ইউনাইটেডের দীনেশের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। অবশেষে ম্যাচের ইনজুরি সময়ে নন্দ কুমারের সেই কাঙ্খিত গোল। একেবারে অন্তিম লগ্নে ক্লেইটনের সেন্টারে হেডে গোল নন্দ কুমারের। ডুরান্ড কাপে অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ইস্টবেঙ্গলের হয়ে টাইব্রেকারে পাঁচটি শটেই গোল করেন ক্লেইটন সিলভা, সাও ক্রেসপো, বোরহা হেরেরা, মহেশ সিং ও নন্দ কুমার। নর্থ–ইস্টের হয়ে গোল করেন ইবসন মেলো, গনি ও প্রজ্ঞান। পার্থিবের শট বারে লাগে। পঞ্চম শট নেওয়ার প্রয়োজন হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!