- দে । শ
- মে ১৭, ২০২৩
রাশিয়ার তেল ইউরোপের বাজারে বিক্রি করছে ভারত, অভিযোগ বোরেলের । জবাব দিলেন জয়শঙ্কর
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। তবে ভারত বন্ধু দেশ রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ রাখেনি। বরং ভারত রাশিয়া থেকে কেনা অপরিশোধিত জ্বালানি শোধন করে তা ফের ইউরোপের বিভিন্ন দেশকে বিক্রি করছে। এর বিরোধিতায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
বেলজিয়াম সফরে গিয়ে ব্রাসেলসে এবিষয়ে মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংবাদ মাধ্যমের কাছে এস জয়শঙ্কর ইউরোপিয়ান ইউনিয়নের বৈদেশিক নীতি সংক্রান্ত প্রধান জোশেফ বোরেলের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, এধরনের মন্তব্য করার আগে জোসেফ বোরেলের ইউরোপিয়ান ইউনিয়নের কাউন্সিলের রেগুলেশনগুলি খতিয়ে দেখা উচিত ছিল। রাশিয়া থেকে আমদানি করা অপরিশোধিত তেল যেভাবে ইউরোপের দেশগুলিকে সরবরাহ করছে ভারত, সেটা নিয়ম বহির্ভূত নয়। তাছাড়া রাশিয়ার কাছ থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার বিষয়টিও অস্বাভাবিক কিছু নয়।
ইউরোপিয়ান ইউনিয়নের বৈদেশিক নীতি সংক্রান্ত প্রধান জোসেফ বোরেলের সঙ্গে ইতিমধ্যে ব্রাসেলসে জয়শঙ্কর বৈঠক করেছেন বাণিজ্য প্রযুক্তি নিয়ে। সেই বৈঠকে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনে ভারত তা যেভাবে ইউরোপের বিভিন্ন দেশকে বিক্রি করছে, সেপ্রসঙ্গ নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানা গিয়েছে।
তবে এই ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে জড়াতে রাজি নয় ইউরোপিয়ান ইউনিয়ন। এটা স্পষ্ট হয়ে গিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এম ভেস্টাজারের কথায়। তিনি বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারত আদতে পরস্পরের বন্ধুই।
রাশিয়ার সঙ্গে ভারত যাতে বাণিজ্যে রাশ টানে, সেজন্যে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউরোপের একাংশ ভারতের ওপর চাপ বাড়াচ্ছে। কয়েকমাস আগে এব্যাপারে জবাবদিহি করে জয়শঙ্কর বলেন, ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক বহর বিশাল অঙ্কের নয়। দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক মোটে ১২ থেকে ১৩ বিলিয়ন ডলারের।
❤ Support Us





