- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৪, ২০২৩
হায়দরাবাদ এফসি–র সঙ্গে ড্র করে সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল
চিত্র টুইটার থেকে সংগৃহীত
সুযোগ ছিল আইএসএলে হারের প্রতিশোধ নেওয়ার। কিন্তু দুবার এগিয়ে গিয়েও প্রতিশোধ নিতে ব্যর্থ ইস্টবেঙ্গল। সুপার কাপে হায়দরাবাদ এফসি–র কাছে আটকে গেল ৩–৩ ব্যবধানে। আর হায়দরাবাদের সঙ্গে ড্র করে সুপার কাপের সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল। গ্রুপ লিগের শেষ ম্যাচে আইজল এফসি–কে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে হায়দরাবাদ ও ওডিশা ম্যাচের দিকে।
এদিন শুরু থেকেই হায়দরাবাদ এফসি–র ওপর ঝাঁপিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। নওরেম মহেশ সিং ও ক্লেইটন সিলভার যুগলবন্দীতে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় লালহলুদ। ক্লেইটনের সাজিয়ে দেওয়া বলে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মহেশ সিং। ম্যাচের ১১ মিনিটে হোলিচরণ নার্জারির সেন্টার থেকে হেডে গোল করে হায়দরাবাদ এফসি–র হয়ে সমতা ফেরান জেভিয়ার সিভারিও। এরপর একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসেন লালহলুদ ফুটবলাররা।
১৭ মিনিটে আবার এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁদিক থেকে তুহিন দাস সেন্টার করেছিলেন। সেই বলে পা ছোঁয়ান ইস্টবেঙ্গলের জেক জার্ভিস। হায়দরাবাদ এফসি গোলকিপার গুরমিত সিং আংশিক প্রতিহত করেন। ফিরতি বল চলে যায় ভিপি সুহেরের কাছে। ডানপায়ের গোলার মতো কোনাকুণি শটে ২–১ করেন সুহের। ২২ মিনিটে সমতা ফেরানোর সুযোগও এসে গিয়েছিল। কাজে লাগাতে পারেননি সিভারিও। তাঁর দুর্দান্ত সাইডভলি পোস্টে লেগে ফিরে আসে। ৩০ মিনিটে সিভারিওর একটা নিরীহ হেড হাত ফস্কে প্রায় বিপদ ডেকে নিয়ে এসেছিলেন ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিৎ সিং। অবশেষে প্রথমার্ধের শেষ লগ্নে ব্যবধান বাড়ান নওরেম মহেশ সিং। ৪৩ মিনিটে ক্লেইটন সিলভার জোরালো শট গুরমিত সিংয়ের হাতে লেগে বেরিয়ে এলে বল জালে পাঠান মহেশ।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে হায়দরাবাদ এফ সি। অন্যদিকে, গোল ধরে রাখার জন্য রক্ষণের ওপর জোর দেয় লালহলুদ। অবশেষে একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ৭১ মিনিটে ব্যবধান কমায় হায়দরাবাদ এফসি। পরিবর্ত হিসেবে নামা বোরহা জোরালো শট করেছিলেন। কমলজিৎ সিং আংশিক প্রতিহত করেন। ফিরতি বল জালে পাঠান জেভিয়ার সিভারিও। ম্যাচের ৮৩ মিনিটে গোল করে হায়দরাবাদকে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন আব্দুল রাবি।
❤ Support Us







