- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২২, ২০২৪
ইতিহাস বদলে দিতে আজ জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল
টানা ২ ম্যাচ হারের পর হায়দরাবাদ এফসি–র বিরুদ্ধে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। আত্মবিশ্বাস বাড়িয়েছে গোটা দলের। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে আজ জামশেদপুর এফসি–র বিরুদ্ধে মাঠে নামছে লালহলুদ ব্রিগেড। কার্লেস কুয়াদ্রাতের দলের সামনে এখন একটাই মোটিভেশন, লিগ টেবিলে প্রথম ছয়ে ঢোকা।
এই মুহূর্তে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অস্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে জামশেদপুর এফসি। একটা জয়ই বদলে দেবে পরিস্থিতি। জামশেদপুরকে টপকে লিগ টেবিলে সপ্তম স্থানে উঠে আসবে। পরের ম্যাচে চেন্নাইন এফসি–কে হারালেই প্রথম ছয়ে ঢুকে পড়বে ইস্টবেঙ্গল। সেই সুযোগটা নিতে মরিয়া কার্লেস কুয়াদ্রাতের দল।
লালহলুদ কোচ যতই জামশেদপুরের বিরুদ্ধে জয়ের কথা ভাবুন না কেন, ইতিহাস কিন্তু তাঁর দলের পক্ষে নেই। আইএসএলের ইতিহাসে এখনও পর্যন্ত পরপর দুটি ম্যাচে জেতার নজির নেই ইস্টবেঙ্গলের। এখন দেখার, আজ জামশেদপুরের বিরুদ্ধে জিতে ইতিহাস বদলাতে পারে কিনা লালহলুদ ব্রিগেড।
তবে জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে কিছুটা হলেও স্বস্তিতে কার্লেস কুয়াদ্রাত। কার্ড সমস্যা মিটিয়ে প্রথম একাদশে ফিরছেন মহেশ সিং ও লালচুংনুঙ্গা। দলের সঙ্গে যোগ দিয়েছেন সার্বিয়ান ডিফেন্ডার প্যানটিচ। খেলার মধ্যে থাকলেও তাঁকে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে রাখার মতো হটকারী সিদ্ধান্ত নেবেন না কুয়াদ্রাত। কারণ বিপক্ষে রয়েছেন মানজো, সিভেরিও, চিমা চুকুর মতো ফুটবলাররা। সিভেরিওদের আটকাতে হিজাজি ও লালচুংনুঙ্গার ওপরই ভরসা রাখবেন কুয়াদ্রাত। আক্রমণভাগে তাকিয়ে ক্লেইটন, ভাসকোয়েজ, ফেলিসিওদের দিকে।
জামশেদপুরের বিরুদ্ধে ড্র দিয়ে আইএসএল অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। সুপার কাপ সেমিফাইনালে জিতেছিল। এবার লক্ষ্য আইএসএলে জয়। যদিও খালিদ জামালের দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন লালহলুদ কোচ। জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, ‘সুপার কাপের ফল মাথায় রাখছি না। খালিদ জামিলের কোচিংয়ে জামশেদপুর ভাল খেলছে। শেষ ৪ ম্যাচে দুটো জিতেছে। মুম্বই সিটির মতো দলকে হারিয়েছে। কঠিন লড়াইয়ের অপেক্ষায় আছি। পরপর দু’ম্যাচ জিতে সুপার সিক্সে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে।’
❤ Support Us







