Advertisement
  • দে । শ
  • আগস্ট ১৪, ২০২৫

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, জেলায় জেলায় জনসংযোগের গাইড লাইন শাসক দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, জেলায় জেলায় জনসংযোগের গাইড লাইন শাসক দলের

উন্নয়নই হাতিয়ার করেই ছাব্বিশের ভোটে জেতার রোডম্যাপ তৈরি হল পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সভায়। কাটোয়ার সংহতি সভাকক্ষে জেলার বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ শাখা সংগঠনের নেতাদের উপস্থিতিতে আয়োজিত হল সাধারণ সভা। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির পৌরোহিত্যে আয়োজিত সভায় উপস্থিত নেতৃত্বকে জেলার কোণে কোণে প্রভূত উন্নয়নের কথা বুথস্তরের সভায়, বৈঠকে তুলে ধরার অনুরোধ জানানো হয়। ভোটার তালিকার বিষয়, বিএলও-দের ভূমিকা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়। ঠিক হয়েছে, আগামী ২ মাসের মধ্যে নিজের নিজের এলাকার প্রতিটি বুথে অন্তত ২টি করে পথসভা করতে হবে। সেইসঙ্গে ২০২১ ও ২০২৪-র নির্বাচনে যেসব বুথে দল ১০০-র বেশি ভোটে হেরেছে, সেইসব বুথ ও সংশ্লিষ্ট অঞ্চলের সভাপতি পাল্টানোর প্রক্রিয়াও এই সভা থেকে শুরু হল।

সভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি ও রাজ্য সভাপতি সুব্রত বকসির দুটি ছাপানো নির্দেশনামা বিলি করা হয়। সভায় মন্ত্রী স্বপন দেবনাথ, দলের জেলা চেয়ারম্যান অপূর্ব চৌধুরি-সহ জেলাস্তরের উচ্চ নেতৃত্বরা হাজির ছিলেন। স্বপনবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে পাখির চোখ করে এগোতে হবে। এখানে কোনও কাজ নেতৃত্ব চাপিয়ে দেবেন না। মানুষের ভাবনা, মতামত অনুযায়ী স্থানীয় স্তরে উন্নয়ন করতে সাহায্য করুন।’ তিনি মনে করিয়ে দেন, ‘২০২১ সালে দিদির দূত কর্মসূচির সাফল্যের প্রভাবে জেলাজুড়ে ঘাসফুলের জয়জয়কার হয়।’

সেইসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদে নামার কর্মসূচি বেঁধে দেওয়া হয়। পরামর্শ দেওয়া হয় অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর। পূর্ব বর্ধমান জেলায় ৪,৫০৬টি বুথ আছে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বুথ স্তরের উন্নয়নের জন্য জেলার সমস্ত বুথে নেতাদের সরেজমিনে পরিদর্শন করার কথা বলা হয়। বুথের বাসিন্দাদের দাবি মোতাবেকই এলাকার উন্নয়নের কাজের প্রস্তাব গ্রহণের কথা ঘোষিত হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!