Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৩, ২০২৬

ভোটের আগেই বিচারাধীন নামের নিষ্পত্তির লক্ষ্য, আজ থেকেই অরিতিক্ত তালিকা প্রকাশ। সংবেদনশীল এলাকায় সতর্কতা জারি নবান্নের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের আগেই বিচারাধীন নামের নিষ্পত্তির লক্ষ্য, আজ থেকেই অরিতিক্ত তালিকা প্রকাশ। সংবেদনশীল এলাকায় সতর্কতা জারি নবান্নের

ভোটের আগে বিচারাধীন প্রায় ৬০ লক্ষ নামের নিষ্পত্তির লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যা ছ’টার পর থেকেই কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে অতিরিক্ত ভোটার তালিকার প্রথম ধাপ। কমিশন সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত মোট ২৮ লক্ষ ৬ হাজার নামের নিষ্পত্তি হয়েছে এবং সেই নামগুলিই এই প্রথম তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। বাকি নামগুলির তালিকা পর্যায়ক্রমে প্রতি শুক্রবার প্রকাশ করা হবে।

কমিশনের দাবি, আগামী ৬ এপ্রিল প্রথম দফার ভোটের আগেই বিচারাধীন সব নামের নিষ্পত্তির চেষ্টা চলছে। ভোটাররা যেমন ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকা দেখেছিলেন, ঠিক সেই পদ্ধতিতেই এই অতিরিক্ত তালিকাও দেখা যাবে। তালিকায় ‘অ্যাডিশন’ ও ‘ডিলিশন’—এই দুটি বিভাগ থাকবে, যাতে নতুন সংযোজন ও বাদ পড়া নাম স্পষ্ট বোঝা যায়।

নাম যাচাইয়ের জন্য অনলাইন ও অফলাইন—দুই ব্যবস্থাই রাখা হয়েছে। অনলাইনে সোমবার সন্ধ্যার পর কমিশনের ওয়েবসাইটে তালিকা দেখা যাবে। পাশাপাশি বুথ, বিডিও অফিস, এসডিও অফিস এবং জেলাশাসকের দপ্তরেও এই তালিকা টাঙানো হবে। কমিশন সূত্রে খবর, সোমবারই এই তালিকা জেলাশাসকদের দপ্তর ও বিএলওদের কাছে পৌঁছে যাবে।

কমিশন জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি আইন মেনেই সম্পন্ন হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যাঁদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে পুনরায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

এদিকে তালিকা প্রকাশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপর প্রশাসন। রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে নিরাপত্তা, বাহিনী মোতায়েনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে নবান্নও সতর্ক অবস্থানে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে সব জেলাশাসকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ২৩ মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। তাই ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!