- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৭, ২০২৬
কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় পুলিশি রদবদল
পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার ৫ ঘন্টার মধ্যেই নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করেছিল জাতীয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বদল করা হয়েছিল কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক পুলিশকর্তাকে। এবার নির্বাচন কমিশনের নির্দেশে একাধিক জেলার পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও মঙ্গলবার সরিয়ে দিল নির্বাচন কমিশন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কমিশনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, মোট ১২টি জেলার পুলিশ সুপারকে সরানো হয়েছে। বদল করা হয়েছে বারাসত পুলিশ জেলা, কোচবিহার, বীরভূম, ইসলামপুর পুলিশ জেলা, হুগলি রুরাল, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ, বসিরহাট পুলিশ জেলা, মালদহ, পূর্ব মেদিনীপুর, জঙ্গিপুর এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে।
উল্লেখযোগ্যভাবে এই বদলির তালিকাতেই রয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ও। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে। তিনি ২০১৫ ব্যাচের আইপিএস। বারসত পুলিশ জেলার পুলিশ সুপার করা হয়েছে পুস্পাকে। তিনি ২০১২ সালের আইপিএস। কোচবিহারের এসপি হিসাবে দায়িত্ব দেওয়া হল জসপ্রীত সিংকে। তিনি আইপিএস ২০১৬ সালের ব্যাচ।
বীরভূমের পুলিশ সুপার করা হয়েছে সূর্যপ্রতাপ যাদবকে। তিনি আইপিএস ২০১১ সালের ব্যাচ। ইসলামপুরের পুলিশ সুপার করা হল রাকেশ সিংকে। হুগলি রুরালের নয়া পুলিশ সুপার হচ্ছেন কুমার সানি রাজ। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ইশানি পাল। ইনি ২০১৩ সালের আইপিএস। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার হচ্ছেন সচিন। তিনি ২০১৩ সালের আইপিএস। বসিরহাটের পুলিশ সুপার হচ্ছেন ২০১৭ সালের আইপিএস অলকানন্দ ভাওয়াল, মালদহে অনুপম সিং, পূর্ব মেদিনীপুর অংশুমান সাহা, জঙ্গিপুর সুরেন্দর সিং এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হচ্ছেন পাপিয়া সুলতানা। এছাড়াও চন্দননগর, হাওড়া, বারাকপুর এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারটেও বদল আনা হয়েছে। এছাড়াও উত্তর এবং দক্ষিণবঙ্গের এডিজি এবং আইজি পদেও এদিন রদবদল করেছে নির্বাচন কমিশন। কমিশন যে যথেষ্ট গুছিয়েই এবারের বিধানসভা নির্বাচন করতে চলেছে এটা তারই প্রমাণ।
❤ Support Us





