- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২০, ২০২৩
মারাদোনার মৃত্যু ঘিরে চিকিৎসা গাফিলতির অভিযোগ।৮ জনের বিরুদ্ধে নতুন মামলার নির্দেশ
বিচারের মুখে পড়তে চলেছেন মারাদোনার মেডিকেল টিমের আট সদস্য। তাঁদের বিরুদ্ধে আবার মামলা শুরু করার নির্দেশ দিয়েছে সান ইসিড্রোর আদালতের তিন বিচারক।তবে সেই প্রক্রিয়া শুরু হবে আগামী বছর, এমনই নির্দেশ দিয়েছে সে দেশের আদালত ।
মারাদোনার মৃত্যু নিয়ে মেডিকেল বোর্ড আগে আইনজ্ঞদের যে রিপোর্ট দিয়েছিল, তাতে বলা হয়েছিল যে মারাদোনা ১২ ঘন্টারও বেশি সময় ধরে যন্ত্রণায় ছটফট করছিলেন।সেই সময় পর্যাপ্ত চিকিৎসা তিনি পাননি। যদি মারাদোনাকে সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা হত, তাহলে হয়তো তিনি বেঁচে যেতে পারতেন। এই রিপোর্টের ভিত্তিতে সান ইসিড্রোর আদালতে আবেদন করা হয়। সান ইসিড্রো আদালতের তিনজন বিচারক মারাদোনার মেডিকেল টিমের সদস্যদের বিরুদ্ধে চিকিৎসার অবহেলার কথা তুলে ধরেছেন।
নিউরোসার্জেন লিওপোল্ডো লুক এবং মনোরোগ বিশেষজ্ঞ আগুস্টিনা সঠিকভাবে মারাদোনার চিকিৎসা করতে পারেননি। এছাড়া মারাদোনার মেডিকেল টিমের মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, ডাঃ ন্যান্সি ফোরলিনি এবং পেড্রো ডি স্পাগনা, নার্সিং সমন্বয়কারী মারিয়ানো পেরোনি এবং নার্স রিকার্ডো আলমিরন এবং দাহিয়ানা মাদ্রিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদোনা। তাঁর মৃত্যুর দু’সপ্তাহ আগে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। মারাদোনার কন্যা ডালমা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়াই ছাড়ব না। যাদের গাফিলতিতে বাবা মারা গেছেন, তাদের শাস্তি প্রাপ্য।’
❤ Support Us








