Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৯, ২০২৩

আগামী ১০ মে একদফায় কর্ণাটকে রাজ্য বিধানসভার ২২৪টি আসনে নির্বাচন।তরজা জমেছে বিজেপি ও কংগ্রেসের

আরম্ভ ওয়েব ডেস্ক
আগামী ১০ মে একদফায় কর্ণাটকে রাজ্য বিধানসভার ২২৪টি আসনে নির্বাচন।তরজা জমেছে বিজেপি ও কংগ্রেসের

বুধবার কর্ণাটক বিধানসভার দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। আগামী ১০ মে একদফায় কর্ণাটকে রাজ্য বিধানসভার ২২৪টি আসনে নির্বাচন হবে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দিল্লি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন, ভোটগণনা হবে ১৩ মে। উল্লেখ্য, কর্ণাটকের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ২৪ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন পত্র পেশ করার শেষদিন ২০ এপ্রিল। আর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৪ এপ্রিল। রাজ্যজুড়ে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ২৮২টি। ২০১৮-২০১৯ সালের তুলনায় এবছর নতুন ভোটার বেড়েছে ৯ লক্ষ ১৭ হাজার। এরা তরুণ-তরুণী। মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ২১ লক্ষের বেশি।

এদিন মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, নির্বিঘ্নে যাতে নির্বাচন হয়, সেজন্যে ২ হাজার ৪০০টি নজরদারি দল গঠন করা হচ্ছে। এছাড়া ১৯টি জেলার ১৭১টি আন্তঃরাজ্য চেকপোস্টে কড়া নজরদারি ব্যবস্থাও থাকবে।

কর্ণাটক বিধানসভার দিন ঘোষণার পরেই ক্ষমতাসীন বিজেপির সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য কর্ণাটক যেখানে ক্ষমতাসীন বিজেপি। ২০১৮ সালে গত বিধানসভা নির্বাচনে বিজেপি কর্ণাটকে ১০৪টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস ৮০টি এবং জনতা দল সেকুলার ৩৭টি আসনে জয়ী হয়।

এরপর কংগ্রেস ও জনতা দল সেকুলার জোট সরকার গঠন করলেও দুই দলের বিধায়কদের একাংশের বিদ্রোহের ফলে ২০১৯ সালে সরকার পড়ে যায় এবং বিজেপি ক্ষমতায় আসে। প্রথমে বিএস ইয়েদুরাপ্পা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হন। পরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বাসবরাজ বোম্মাই।

বিধানসভা নির্বাচনের দিন ঘোষিত হতেই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী দাবি করেছেন, ফের বিজেপিই কর্ণাটকে ক্ষমতায় আসবে। একই দাবি মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের। জবাবে কর্ণাটক প্রদেশ কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমার পাল্টা বলেছেন, কংগ্রেস নির্বাচনের জন্যে তৈরিই আছে। উন্নয়নের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস লড়বে।

ওয়াকিবহাল মহল মনে করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তিকেই কর্ণাটক নির্বাচনে তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে বিজেপি। সূত্রের খবর, বিজেপি সরকারের কমিশন রাজের বিরুদ্ধে পাল্টা প্রচার চালাবে কংগ্রেস।

নির্বাচন ঘোষিত হলেও রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সমাধানের কোনও ইঙ্গিত নেই। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বি ওয়াই বিজয়েন্দ্র, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র, তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি। ক্ষমতার আকচাআকচি নিয়ে দুই নেতার বিরোধ জমে উঠেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!