- দে । শ
- এপ্রিল ১৪, ২০২৩
আদালতের নির্দেশে ভঙ্গ উপাচার্যের অভিসন্ধি।জমি জটিলতায় নিয়ে স্বস্তিতে অমর্ত্য
বিশ্বভারতীতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পৈতৃক জমি নিয়ে বিরোধে এবার পুলিশি হস্তক্ষেপের নির্দেশ দিল আদালত। বোলপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে অমর্ত্য সেনের আইনজীবী সম্প্রতি পিটিশন দায়ের করেন। ওই পিটিশনে তিনি জানান, তাঁর মক্কেল আশঙ্কা করছেন যে জমিটি পৈতৃক সূত্রে তাঁর হেফাজতে রয়েছে, বিশ্বভারতী সেখানে উচ্ছেদ অভিযান চালাতে পারে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে যে পিটিশন দায়ের হয়েছে, তার জেরে বিচারক পুলিশকে নির্দেশ দিয়েছেন, অমর্ত্য সেনের জমিকে ঘিরে যেন কোনও অশান্তি না ছড়ায়।
বোলপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে অমর্ত্য সেনের আইনজীবী যে পিটিশন দায়ের করেছেন তাতে তাঁর মক্কেলের জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আর্জি জানানো হয়। আদালতের রায়ে ওই জমিকে ঘিরে অর্থশাস্ত্রীর ওপর কোন রকম জুলুম করতে পারবে না কেউ।
অমর্ত্য সেনের পৈতৃক বাসভবন ১ .৩৮ একর জমিজুড়ে। বিশ্বভারতীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী লাগাতার অভিযোগ তুলছেন, অমর্ত্য সেন ১৩ ডেসিমাল জমি দখল করে রেখেছেন। ওঁদের আসল জমি ১.২৫ একরের।
বোলপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রায় নিয়ে এপর্যন্ত বিশ্বভারতীয় উপাচার্য কোনও মন্তব্য করেননি। আদালত সূত্রের খবর, শান্তিনিকেতন থানার পুলিশের হাতে অমর্ত্য সেনের পৈতৃক বাসভবন এলাকায় শান্তি বজায়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আদালত শান্তিনিকেতন থানার ওসিকে নির্দেশ দিয়েছে, বিতর্কিত জমিকে কেন্দ্র করে অমর্ত্য সেনের বাসভবন সংলগ্ন এলাকায় অশান্তি ছড়ানোর কোনও সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখতে।
❤ Support Us






