- দে । শ
- জানুয়ারি ১৮, ২০২৫
জনপ্রিয় উপন্যাস ঘিরে উৎসব। দেবদাস স্মৃতিতে মিষ্টিমুখ, মেলা কালনায়
পেল্লায় মিষ্টি। কোনওটার ওজন ৫ কেজি, তো কোনওটার ৭ কেজি। সেই মিষ্টির টানেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট অমর চরিত্র দেবদাস স্মৃতি মেলায় ৮ থেকে ৮০-র জনতার ঢল। হুগলীর পাণ্ডুয়া স্টেশন থেকে ১৬ ক্রোশ দূরে হাতিপোতা গ্রাম।
উপন্যাসে বর্নিত আছে, স্টেশন থেকে গরুর গাড়িতে চেপে সেই হাতিপোতা গ্রামে এসেছিলেন মুমূর্ষু দেবদাস। ‘দেবদাস’ উপন্যাসের স্মৃতি জড়ানো কালনার নান্দাই পঞ্চায়েতের সেই হাতিপোতা গ্রামে শুরু হল ২৫তম ‘দেবদাস স্মৃতি মেলা।’ মেলার উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও অভিনেত্রী মনামী ঘোষ। উপন্যাসের হাতিপোতা গ্রামের জমিদার ছিলেন ভুবনমোহন চৌধুরি। তাঁর দ্বিতীয় স্ত্রী পার্বতী অর্থাৎ পারু হল এই উপন্যাসের নায়িকা। উপন্যাসের নায়ক দেবদাস জীবনের অন্তিমলগ্নে হাতিপোতা গ্রামে এসেছিলেন পার্বতীর সঙ্গে দেখা করতে। কাহিনী অনুযায়ী এই গ্রামে এসে দেবদাসের মৃত্যুও হয় এমনই তথ্য প্রমাণ এই উপন্যাসে রয়েছে। মেলা ৫ দিন ধরে চলবে। মন্ত্রী জানান, ‘ঔপন্যাসিকের প্রয়াণ দিবস থেকে শুরু হয় এই মেলা। জমিদার বাড়ির সব স্মৃতি বর্তমানে না থাকলেও কিছু আজও রয়েছে। সেই টানে বছরভর বহু মানুষ এখানে আসেন।’ দেবদাসের স্মৃতিকে অক্ষয় রাখতে দেবদাসের নামে ক্লাব হয়েছে গ্রামে। এই মেলার আরেক আকর্ষণ পেল্লায় সাইজের মিষ্টি। দাম ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা। ২ হাজার টাকার মিষ্টির কারিগর লালন শেখ জানালেন, ‘এই মিষ্টির মূল উপাদান ছানা আর চালের গুঁড়ি। রসে ডোবানোর পর এই মিষ্টির ওজন দাঁড়াচ্ছে প্রায় ৭ কেজি। একজনের পক্ষে এই পেল্লায় মিষ্টি খাওয়ার ক্ষমতা নেই। কিনে সবাইমিলে ভাগ করে খায়।’ লালনদের ইচ্ছে, ভাল বিক্রিবাটা হলে পরের বার ৩ হাজার টাকার সাইজের মিষ্টি তৈরি হবে।’
❤ Support Us





