- দে । শ
- সেপ্টেম্বর ১, ২০২৫
পুলিশের জালে ভুয়ো ভিজিল্যান্স অফিসার
কেন্দ্রের ভিজিল্যান্স অফিসার পরিচয় দিয়ে মঙ্গলকোটের খতিয়ার গ্রামে অরূপ ঘোষের গহনার দোকানে হানা। নথিপত্র দেখতে চেয়ে গ্রেপ্তারের হুমকি। গ্রেপ্তারি এড়াতে ১ লক্ষ টাকা ঘুষের প্রস্তাব। পরে ২২ হাজার নগদ টাকা নিয়ে হাওয়া। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করল অগস্ত্য পাঁজাকে। হুগলীর বৈদ্যবাটির বাসিন্দা অগস্ত্য গৃহশিক্ষকতার আড়ালে নকল ভিজিল্যান্স অফিসারের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে মোটা টাকা রোজগার করে বলে অভিযোগ। বৈদ্যবাটির বাড়ি থেকে অগস্ত্যকে পাকড়াও করেছে মঙ্গলকোটের পুলিশ। ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতকে জেরা করে আর কোথায় এরকম কারবার করেছে কিনা বা তার পিছনে কোনো বড়সড় চক্র আছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে অস্ত্র মামলায় ফের গ্রেপ্তার কাটোয়ার কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল শেখ। পুলিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করেছে বহু অপরাধমূলক কাজকারবারে অভিযুক্ত জঙ্গলকে। তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের চোখকে ফাঁকি দিতে জঙ্গল তার চেহারায় বদল এনেছে। মাথা ও গোঁফ কামিয়ে দিয়েছে। তাতে অবশ্য পুলিশের চোখে ধুলো দিতে পারেনি। কয়েকদিন আগে নদিয়া থেকে অস্ত্র কারবারে অভিযুক্ত জঙ্গলের ছেলে কুখ্যাত সমাজবিরোধী সাদ্দাম শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
❤ Support Us





