- Uncategorized এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৯, ২০২৩
হার দিয়েই মরশুম শেষ করল এটিকে মোহনবাগান
আগের ম্যাচে জামশেদপুর এফসি–র কাছে হেরে সুপার কাপের গ্রুপ লিগ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল এটিকে মোহনবাগানের। গ্রুপ লিগে নিয়মরক্ষার শেষ ম্যাচে এফসি গোয়ার কাছে হারতে হল সবুজমেরুণ ব্রিগেডকে। এফসি গোয়ার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফারেস।
এফসি গোয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ জিতলেও সেমিফাইনালে যাওয়ার কোনও সম্ভাবনা ছিল না এটিকে মোহনবাগানের। গুরুত্বহীন ম্যাচেও পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নেমেছিলেম কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচের শুরু থেকেই এটিকে মোহনবাগানের প্রাধান্য ছিল। তবে ম্যাচের প্রথম সুযোগ এসেছিল এফসি গোয়ার সামনে। ৪ মিনিটে নোয়ার সেন্টারে হেড করেছিলেন ব্রিস্টন। হেডে জোর না থাকায় সমস্যায় পড়তে হয়নি এটিকে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথকে।
১৬ মিনিটে গোল করার সুযোগ এসেছিল এটিকে মোহনবাগানের সামনে। আশিক কুরুনিয়ানের শট কর্ণারের বিনিময়ে বাঁচান এফসি গোয়া গোলকিপার অর্শদীপ সিং। প্রথমার্ধে দুই দলই আর গোল করার মতো তেমন পরিস্থিতি তৈরি করতে পারেনি। তবে এফ সি গোয়ার তুলনায় এটিকে মোহনাবাগানের আক্রমণের চাপ বেশি ছিল।
দ্বিতীয়ার্ধে অবশ্য এফসি গোয়া দারুণভাবে ম্যাচে ফিরে আসে। শুরু থেকে নোয়া, ব্রিস্টনরা একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন সবুজমেরুণ রক্ষণে। কিন্তু কার্ল ম্যাকহিউরা সতর্ক থাকায় তিনকাঠি ভেদ করতে পারছিলেন না। ৬৩ মিনিটে স্যান্টানার ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যআচের ৭০ মিনিটে গ্যালেগো, কিয়ান নাসিরি ও লিস্টন কোলাসোর পরিবর্তে হুগো বোমাস, পুইটিয়া ও মনবীর সিংকে মাঠে নামান। তাতেও কোনও কাজ হয়নি।
অবশেষে ম্যাচের ৮৯ মিনিটে জয়সূচক গোল তুলে নেয় এফসি গোয়া। নোয়া বক্সের মধ্যে দারুণ বল বাড়িয়েছিলেন। বিশাল কাইথ বল ধরতে ব্যর্থ হন। সঠিক সময়ে বলে পা ছুঁইয়ে জয়সূচক গোলটি করেন ফারেস। হার দিয়ে মরশুম শেষ করল আইএসএল চ্যাম্পিয়নরা।
❤ Support Us








