- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১০, ২০২৩
স্টপেজ টাইম যোগ করা নিয়ে বিতর্ক, নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে ফিফা
ফিফার রেফারি প্রধান পিয়েরলুইগি কলিনা
একপেশে ম্যাচ হলেও নির্ধারিত সময়ের সঙ্গে সঠিকভাবে ইনজুরি সময় যোগ করতে হবে। এমনই জানিয়েছেন ফিফার রেফারি প্রধান পিয়েরলুইগি কলিনা। এই ব্যাপারে চলতি বছরের জুলাই মাস থেকে নতুন নির্দেশিকা নিয়ে আসতে চলেছে ফিফা।
সঠিকভাবে ইনজুরি সময় যোগ করা নিয়ে প্রশ্নটা উঠেছে গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে। ওই একতরফা ম্যাচে রেফারি প্রথমার্ধ ১ মিনিট ও দ্বিতীয়ার্ধে ৩ মিনিট ইনজুরি সময় যোগ করেছিলেন। ম্যাচের শেষ দিকে লিভারপুল ৭–০ ব্যবধানে এগিয়ে ছিল। রেফারি হয়তো মনে করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর ম্যাচে ফিরে আসার সম্ভাবনা নেই। তাই তিনি বেশি ইনজুরি সময় দেননি।
লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কলিনা। তিনি বলেন, ‘লিভারপুলের কাছে ম্যানচেস্টার ৭–০ ব্যবধানে পিছিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে রেফারি কেন মাত্র ৩ মিনিটের বেশি স্টপেজ টাইম যোগ করেনি, তা আমার বোধগম্য নয়। আমার মনে হয় সঠিক ভাবে স্টপেজ টাইম যোগ করাটা জরুরী। কারণ যে কোনও প্রতিযোগিতায় গোল পার্থক্য একটা বড় ফ্যাক্টর। র্যাঙ্কিংয়ের জন্য একটা গোল করা বা না করাও পার্থক্য তৈরি করতে পারে। ফলে রেফারিদের উচিত সঠিকভাবে স্টপেজ টাইম যোগ করা।’
কলিনা আরও বলেন, ‘ভবিষ্যতে আমরা খেলার আইনের মধ্যে এটা অন্তর্ভুক্ত করতে পারি যে, গোল পার্থক্য এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়ালে ম্যাচ শেষে অতিরিক্ত সময় দিতে হবে। বিশ্বকাপে কোস্টারিকার বিরুদ্ধে স্পেন অতিরিক্ত সময়ে একটা গোল করেছিল। ওই গোল স্পেনকে পরের রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করতে সাহায্য করে।’
কলিনা বিশ্বকাপে স্টপেজ টাইমের উদাহরণ তুলে ধরেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে শুরুর দিক থেকে পরের দিকে স্টপেজ টাইম যোগ করার গড় পরিমাণ অনেকটাই কমেছিল। গ্রুপ পর্বে গড়ে ১১ মিনিট ৬ সেকেন্ড করে স্টপেজ টাইম যোগ করতে হয়েছিল প্রতিটা ম্যাচে। সেমিফাইনাল ও ফাইনালে গড়ে ১০ মিনিট ১৫ সেকেন্ডে নেমে আসে। ফুটবলাররা বুঝতে পেরেছিল যে সময় নষ্ট করাটা কোনও উপকারেই লাগছে না। কারণ তারা যে সময় নষ্ট করছে তা ম্যাচের শেষে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়। তাই পরের দিকে ফুটবলাররা সময় নষ্ট করা বন্ধ করে দিয়েছে।’
❤ Support Us






