- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৬, ২০২২
তিউনিশিয়াকে হারিয়ে শেষ ষোলোর স্বপ্ন বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে গোলের মালা পড়তে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এগিয়ে গিয়েও হারতে হয়েছিল ৪–১ ব্যবধানে। প্রি–কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে তিউনিশিয়ার বিরুদ্ধে জিততেই হল অস্ট্রেলিয়াকে। মরণবাঁচন ম্যাচে তিউনিশিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল অস্ট্রেলিয়া। পাশাপাশি শেষ ষোলোর স্বপ্ন বাঁচিয়ে রাখল। ম্যাচের একমাত্র গোলটি করেন মিচেল ডিউক। অন্যদিকে হেরে, গ্রুপ লিগ থেকে কার্যত বিদায় নিল তিউনিশিয়া।
দুই দলই এদিন সতর্কতার মোড়কে খেলা শুরু করেছিল। লক্ষ্য ছিল, ঘর বাঁচিয়ে আক্রমণে যাওয়া। ফলে খেলাটা প্রথমার্ধে উচ্চমানে পৌঁছয়নি। তার মধ্যেই ২১ মিনিটে সুযোগ এসেছিল তিউনিশিয়ার সামনে। ডানদিক থেকে ওভারল্যাপে উঠে গিয়ে সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন মহম্মদ ড্রাগের। তাঁর শট বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ২ মিনিট পরেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। বাঁদিক থেকে সেন্টার করেছিলেন ক্রেগ গুডউইন। তিউনিশিয়ার ডিলন ব্রনের পায়ে লেগে বল যায় মিচেল ডিউকের কাছে। হেডে গোল করতে ভুল করেননি অস্ট্রেলিয়ার এই স্ট্রাইকার।
পিছিয়ে পড়ার পর সমতা ফেরানের জন্য মরিয়া হয়ে ওয়ে তিউনিশিয়া। ৪০ মিনিটে সমতা ফেরানোর সুযোগও এসে গিয়েছিল। ডানদিক থেকে উঠে গিয়ে বক্সের মধ্যে বল বাড়িয়েছিলেন ইউসুফ সাকনি। মহম্মদ ড্রাগেরের গোলমুখী শট আটকে দেন হ্যারি সাউডার। ৪৪ মিনিটে গুডউইনের ফ্রিকিকে হেড করেছিলেন ডিউক। তিউনিশিয়ার গোলকিপার ডহমেন দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান। প্রথমার্ধের ইনজুরি সময়ে জামালির ক্রস ধরে বক্সের মধ্যে থেকে দুরন্ত শট নিয়েছিলেন ইউসুফ সাকনি। বল পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য তিউনিশিয়া মরিয়া হবে, এটা জানা ছিলই। গোল ধরে রাখার জন্য রক্ষণের দিকে বাড়তি নজর দেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম জেমস আর্নল্ড। তার মধ্যেই অস্ট্রেলিয়ার ডিফেন্সে বারবার হানা দিয়ে যান তিউনিশিয়ার অধিনায়ক ইউসুফ সাকনি সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন। ৬৬ মিনিটে জেবালির সঙ্গে ওয়াল খেলে অস্ট্রেলিয়া বক্সে ঢুকে গিয়েছিলেন। কোনও রকমে সে যাত্রায় রক্ষা করেন অস্ট্রেলিয়া গোলকিপার ম্যাথিউ রায়ান। ৭৫ মিনিটে আরও একটা সুযোগ এসে গিয়েছিল সাকনির সামনে। কাজে লাগাতে পারেননি। ৮৮ মিনিটে ওয়াহিদ কাজরির গোলের প্রয়াস রুখে দেন অস্ট্রেলিয়ার গোলকিপার। অস্ট্রেলিয়ার রক্ষণের দৃঢ়তায় সমতা ফেরাতে পারেনি তিউনিশিয়া।
❤ Support Us






