Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৪, ২০২২

‌রবিবারই দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলতে নামছেন মেসি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌রবিবারই দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলতে নামছেন মেসি

কাতার বিশ্বকাপই শেষ। দেশের হয়ে আর খেলতে দেখা যাবে না লিওনেল মেসিকে। মঙ্গলবার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পরই অবসরের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। চলতি বিশ্বকাপে খেলতে আসার আগেই মেসি ইঙ্গিত দিয়েছিলেন কাতার বিশ্বকাপের পরই দেশের জার্সি তুলে রাখবেন। সেটাই সত্যি হতে চলেছে।
ক্লাব ফুটবলই একের পর এক সাফল্য পেলেও দেশকে সেভাবে সাফল্য এনে দিতে পারেননি লিওনেল মেসি। বলার মতো সাফল্য গত বছর ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতা। তারপর থেকেই তিনি পাখির চোখ করেছিলেন কাতার বিশ্বকাপকে। মঙ্গলবার ক্রোয়েশিয়াকে হারিয়ে সেই লক্ষ্যের পথে অনেকটাই এগিয়ে গেছেন মেসি। স্বপ্নপূরণে মাত্র এক ধাপ বাকি। রবিবার সেই স্বপ্ন পূরণের দিন।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যম দিয়ারিও ডেপর্তিভো ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘‌এটাই আমার শেষ বিশ্বকাপ। রবিবার বিশ্বকাপের ফাইনালই হতে চলেছে দেশের জার্সি গায়ে আমার জীবনের শেষ ম্যাচ। এই রকম ম্যাচে দেশের হয়ে ফুটবলজীবন শেষ করতে পারব ভেবে ভাল লাগছে। পরের বিশ্বকাপের অনেক দেরি আছে। আমি মনে করি না ততদিন দেশের হয়ে খেলতে পারব। বিশ্বকাপ ফাইনাল দিয়ে দেশের হয়ে খেলা শেষ করার মতো ভাল কিছু হতে পারেন না।’‌
রবিবার বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গে দেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও নিজের দখলে নেবেন মেসি। দিয়েগো মারাদোনা ও জেভিয়ের মাসচেরানো ৪টি করে বিশ্বকাপ খেলেছেন। মেসি খেলছেন পঞ্চম বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে রানার্স হয়েছিল আর্জেন্টিনা। কাপ জয়ের অধরা স্বপ্ন এবারই পূরণ করে ফেলতে চান মেসি।
আর্জেন্তিনা বিশ্বকাপ ফাইনালে ওঠার পরেই গোটা দেশ আনন্দে মাতোয়ারা। বিশ্বের নানা প্রান্তে আর্জেন্তিনার সমর্থকরা উচ্ছ্বসিত। গতকাল মেসির পায়ের জাদু যেমন দেখা গিয়েছে, তেমনই আলভারেজের গোল যেভাবে সাজিয়ে দিয়েছেন তাতে সকলেই মুগ্ধ। তবে দেশের হয়ে মেসিম্যাজিক যে রবিবারই শেষ দেখা যাবে, সেটা ভেবে অনেকেই ভারাক্রান্তও। সকলেই চান, কাপ জিতে মাথা উঁচু করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!