Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৫, ২০২২

রিচার্লিসনের পায়ে সাম্বার ঝলক, স্বপ্ন দেখাতে শুরু করল ব্রাজিল

আরম্ভ ওয়েব ডেস্ক
রিচার্লিসনের পায়ে সাম্বার ঝলক, স্বপ্ন দেখাতে শুরু করল ব্রাজিল

চলতি বিশ্বকাপ জয়ের অন্যতম ফেবারিট হিসেবে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, ব্রাজিল, ইংল্যান্ডকে ধরেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারের আগে সব ফেবারিট দলই মাঠে নেমে পড়েছিল। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড দুরন্ত জয় পেলেও অঘটনের মুখে পড়তে হয়েছে আর্জেন্টিনা ও জার্মানিকে। সকলের আগ্রহ ছিল ব্রাজিলকে নিয়ে। কেমন খেলেন নেইমাররা, সেটাই ছিল দেখার। সার্বিয়ার বিরুদ্ধে দারুণ ফুটবল উপহার দিল ব্রাজিল। কাতারে শুরু হয়ে গেল সাম্বার ঝড়। ব্রাজিল ২–০ গোলে জিতল ঠিকই, ব্যবধান ৬–০ হলেও কিছু বলার ছিল না। রাউফিনহা ২টি, ভিনিসিয়াস ১টি সহজ সুযোগ নষ্ট করেন। আর অ্যালেক্স সান্দ্রো ও ক্যাসিমিরোর দুটি শট পোস্টে লেগে ফিরে আসে।
এক সপ্তাহ আগে দোহার এই লুসাইল স্টেডিয়ামেই মাঠে নেমেছিলেন লিওনেস মেসি। গোটা ফুটবল বিশ্ব তাকিয়েছিল তাঁর দিকে। ফুটবলপ্রেমীদের মন ভরাতে পারেননি মেসি। এদিন ফুটবলপ্রেমীরা তাকিয়ে ছিল নেইমার জুনিয়রের দিকে। মেসির মতোই হতাশ করেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে সাম্বার ঝলক দেখালেন রিচার্লিসন। ব্রাজিলের দুটি গোলই এসেছে তাঁর পা থেকে। দ্বিতীয় গোলটি তো এককথায় অসাধারণ। ওইরকম গোল দেখতে পেয়ে ফুটবলপ্রেমীদের রাতজাগা সার্থক। রিচার্লিসনের গোলটাই ম্যাচের সবথেকে বড় প্রাপ্তি।
ম্যাচের ৭৩ মিনিটে বাঁপ্রান্ত থেকে সার্বিয়ার বক্সে আউটস্টেপে বল রেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। বক্সের মধ্যে রিসিভ করেন রিচার্লিসন। বল মাটিতে পড়ার আগেই ১৮০ ডিগ্রি ঘুরে শূন্যে শরীর ভাসিয়ে ডানপায়ের দুরন্ত সাইড ভলিতে বল জালে পাঠান। রিচার্লিসনের এই গোলটা নিঃসন্দেহে এখনও পর্যন্ত কাতার বিশ্বকাপের সেরা। এই গোলের আগেই ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রিচার্লিসন। ৬২ মিনিটে ভিনিসিয়াসের শট সার্বিয়ার গোলকিপার আংশিক প্রতিহত করলে বল যায় রিচার্লিসনের কাছে। গোল করতে ভুল করেননি। এদিন সার্বিয়ার ফুটবলাররা নেইমারকে কড়া মার্কিংয়ে রাখায় তিনি কিছু করতে পারেননি। পরে গোড়ালিতে চোট পেয়ে উঠে যান। নেইমার জ্বলে উঠতে না পারলেও সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিল যেভাবে সাম্বার ঝলক দেখিয়েছে, বিশ্বজয়ের আশা করতেই পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!