- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৪, ২০২২
উরুগুয়ের জয়ে বাধা হয়ে দাঁড়াল পোস্ট ও কোরিয়ার লড়াই
কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনেই আর্জেন্টিনাকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল সৌদি আরব। বুধবার জার্মানিকে হারিয়ে চমক দিয়েছে এশিয়ার আর এক দেশ জাপান। আজ উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল দক্ষিণ কোরিয়া। এশিয়ার এই দেশকে ঘিরে প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল। উরুগুয়ের বিরুদ্ধে দারুণ লড়াই করেও জয় অধরা থেকে গেল কোরিয়ার। ম্যাচের ফল গোলশূন্য। বরং পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে জয় নিয়েই মাঠ ছাড়ত উরুগুয়ে।
সৌদি আরব, জাপানের জয়ে উজ্জীবিত হয়েই এদিন উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে। প্রথম ১০ মিনিট তাদেরই আধিপত্য ছিল। এরপর মাঝমাঠের রাশ তুলে নেয় উরুগুয়ে। ফেডেরিকো ভালভার্দে, মাতিয়াস ভেসিনো, রডরিগো বেন্টানকুররা একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। ২৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল উরুগুয়ের সামনে। নুনেজের থ্রু–তে পা ছোঁয়াতে পারেননি অলিভেরা। ৩৪ মিনিটে গোল করার সুযোগ এসে গিয়েছিল দক্ষিণ কোরিয়ার সামনে। সামনে উরুগুয়ে গোলকিপার সার্জিও রচেতকে একা পেয়েও বল বারের ওপর দিয়ে উড়িয়ে দেন ইউ জো। ৪৪ মিনিটে উরুগুয়ের সামনে বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ভালভার্ডের কর্ণারে হেড করেছিলেন গোডিন। বল পোস্টের ভেতর দিকে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে কোরিয়া। উরুগুয়ের রক্ষণে বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিল। কিন্তু তিনকাঠি খুঁজে পাচ্ছিলেন না। গোডিন, জিমেনেজরা রক্ষণে অপ্রতিরোধ্য হয়ে না উঠলে এগিয়ে যেতে পারত কোরিয়া। এদিন লুই সুয়ারেজ নিজেকে একেবারেই মেলে ধরতে পারছিলেন না। আক্রমনের ধার বাড়াতে ৬৪ মিনিটে তাঁকে তুলে এডিসেন কাভানিকে নামান উরুগুয়ে কোচ দিয়েগো আলোনসো লোপেজ। কাভানি আসার পর খেলায় ফেরে উরুগুয়ে। আক্রমণ তুলে নিয়ে এলেও কোরিয়ার রক্ষণের ভিড়ে হারিয়ে যায়। উরুগুয়ের জয়ে এদিন বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ৮৯ মিনিটে ফেডেরিকো ভালভার্দের শট পোস্টের বাইরের দিকে লেগে বেরিয়ে যায়। ৩ পয়েন্ট অধরাই থেকে যায় উরুগুয়ের।
❤ Support Us






