- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৬, ২০২৩
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ব্রাজিলের জার্সি তুলে দিলেন রোনাল্ডিনহো
তিনদিনের কলকাতা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করলেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো। সোমবার বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে যান। সেই সময় হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি, মা লতা ব্যানার্জি, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রোনাল্ডিনহোকে এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে নিয়ে যান শতদ্রু দত্ত।
রবিবারই সন্ধ্যায় কলকাতায় এসেছেন রোনাল্ডিনহো। আজ সকাল থেকেই ঠাসা কর্মসুচী। সকালে রাজারহাটে নিজের অ্যাকাডেমিতে যান রোনাল্ডিনহো। সেখান থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে যান। প্রতিমা দর্শন করে অনুষ্ঠানের মূল মঞ্চে প্রবেশ করেন। সাম্বার সুরের ঝংকারে স্বাগত জানানো হয় রোনাল্ডিনহোকে। ব্রাজিলের জনপ্রিয় গানের তালে নাচতেও দেখা যায় রোনাল্ডিনহোকে। এরপর সংবর্ধিত করা হয় তাঁকে। রোনাল্ডিনহোর হাতে শ্রীভূমির পুজোর থিম প্যারিসের ডিজনিল্যান্ডের একটা প্রতিকৃতি তুলে দেওয়া হয়। এরপর ২০২৪ বিধাননগর গোল্ড কাপের ট্রফির আবরণ উন্মোচনও করেন।
দিয়েগো মারাদোনার মূর্তিতে মাল্যদান করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাঠে বল নিয়ে নেমে পড়েন রোনাল্ডিনহো। গোল লক্ষ্য করে বেশ কয়েকটা শটও মারেন। তখন তিনকাঠির নীচে দাঁড়িয়ে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। শট নেওয়ার সময় সুজিত বসুর সঙ্গে মজাও করেন রোনাল্ডিনহো। এরপর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে আহিরীটোলা যুবকবৃন্দের মণ্ডপে যান রোনাল্ডিনহো। সেখানে পুজোর উদ্বোধন করে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে।
ব্রাজিলিয়ান তারকাকে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিয়ে যান শতদ্রু দত্ত। রোনাল্ডিনহোকে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। তুলে দেন রাজ্য সরকারের তৈরি জয়ী বল। মুখ্যমন্ত্রীর হাতে নিজের অটোগ্রাফ দেওয়া ব্রাজিলের জার্সি তুলে দেন রোনাল্ডিনহো। এরপর মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয় রোনাল্ডিনহোকে। মিনিট দশেক কাটিয়ে বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান। এদিন ইস্টবেঙ্গল, মোহনবাগান, কালীঘাট এমএস–সহ বিভিন্ন ক্লাবের জার্সি উপহার দেওয়া হয় রোনাল্ডিনহোকে।
সোমবার সন্ধেয় নরেন্দ্রপুর, বারুইপুরে পুজো মণ্ডপে যান। মঙ্গলবারও একগুচ্ছ কর্মসূচী রয়েছে রোনাল্ডিনহোর। সকালে সেন্ট জেভিয়ার্স কলেজে এক অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর আলিপুর বডিগার্ড লাইনে কলকাতা পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মহেশতলা যাবেন। বাটানগর ফুটবল মাঠে এক প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন রোনাল্ডিনহো।
❤ Support Us







