Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৫

কেতুগ্রামে বিস্ফোরণ নিয়ে হবে ফরেনসিক তদন্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
কেতুগ্রামে বিস্ফোরণ নিয়ে হবে ফরেনসিক তদন্ত

কেতুগ্রামের চেঁচুরি গ্রামে গত রবিবার রাতে মেহবুব আলম নামে এক গ্রামবাসীর পরিত্যক্ত শৌচাগারে বিস্ফোরণের ঘটনার ফরেনসিক তদন্ত হবে। মঙ্গলবার কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানান, ‘তদন্তের জন্য ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। ওনাদের সবরকমের সহযোগিতা করা হবে। এলাকায় পুলিশ পিকেট আছে।’ রবিবার রাতে জোরাল বিস্ফোরণে শুধু শৌচাগারের ছাদই নয়, আশপাশের কংক্রিটের নির্মাণও ধসে যায়। কীভাবে শৌচাগারে বিস্ফোরক এল, কারা কী উদ্দেশ্যে নিয়ে এল, একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কাটোয়ার এসডিপিও-র নেতৃত্বে তার তদন্ত চলছে। ফরেনসিক দল এসে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে সেই নমুনা পরীক্ষার রিপোর্ট মিললে বিস্ফোরণের উৎস ও প্রকৃতি জানা যাবে বলে দাবি পুলিশের।

গত লোকসভা ভোটের আগের রাতে চেঁচুরি গ্রামের বাসিন্দা তৃণমূলের বুথ সভাপতি মিন্টু শেখকে গুলি করে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মিন্টু তৃণমূল কর্মী মিশির শেখকে বাইকে চাপিয়ে লাগোয়া সুবিপুর গ্রাম থেকে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন। মিন্টুর ভাগ্নে কাদের শেখের দাবি, ‘মামাকে যারা নৃশংসভাবে খুন করেছিল, তারাই আবার সক্রিয় হয়েছে। মনে হচ্ছে তারাই এলাকাকে অশান্ত করে তুলতে বোমা মজুত করেছিল।’ কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনেওয়াজ বলেন, ‘পুলিশ ঘটনার তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ধার করুক। যারা জড়িত তাদের শাস্তি দিক।’


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!