- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৮, ২০২৩
ইতালির দায়িত্ব ছেড়ে সৌদি আরবের কোচ হলেন রবার্তো মানচিনি
ক্রমশ বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ফুটবল। একের পর এক তারকা যোগ গিয়েছেন সৌদি আরবের লিগে। এবার সৌদি আরবের জাতীয় দলের দায়িত্ব নিলেন ইতালির প্রাক্তন ফুটবলার তথা কোচ রবার্তো মানচিনি।
২০১৮ সালে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পরপরই ইতালির জাতীয় দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় রবার্তো মানচিনির হাতে। তাঁর কোচিংয়ে ২০২০ সালে ইউরো কাপে চ্যাম্পিয়ন হয় ইতালি। যদিও ২০২২ বিশ্বকাপের মূলপর্বে দলকে তুলতে পারেননি মানচিনি। তা সত্ত্বেও ২০২৬ পর্যন্ত তাঁকেই কোচের দায়িত্বে রাখা হয়। কিন্তু হঠাৎ করেই আগস্টের দ্বিতীয় সপ্তাহে তিনি কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
ইতালির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর থেকেই মানচিনিকে নিয়ে গুঞ্জন উঠেছিল। তিনি নাকি সৌদি আরবের দায়িত্ব নিতে চলেছেন। সেই জল্পনাই অবশেষে সত্যি হয়ে দাঁড়াল। সৌদি আরবের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন রবার্তো মানচিনি। বার্ষিক আড়াই কোটি ইউরো বেতন পাবেন তিনি। রবিবার রাতে সৌদি আরব ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় মানচিনি বলেছেন, ‘আমি ইউরোপে ইতিহাস গড়েছি। এবার সৌদির হয়ে ইতিহাস গড়ার সময়।’
ইতালি ও সৌদি আরবের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইতালির ফিওরেন্তিনা, লাৎসিও, ইন্টার মিলান, তুরস্কের গালাতসারে, রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ, ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাবকে কোচিং করিয়েছেন মানচিনি। ২০১২ সালে ম্যাঞ্চেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নও করিয়েছিলেন। ৮ সেপ্টেম্বর কোস্টারিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচে সৌদি আরবের হয়ে প্রথম ডাগআউটে দাঁড়াবেন মানচিনি।
❤ Support Us








