Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • আগস্ট ২৯, ২০২৫

আইএমএফ–এর নির্বাহী পরিচালক পদে আরবিআই এর প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল

আরম্ভ ওয়েব ডেস্ক
আইএমএফ–এর নির্বাহী পরিচালক পদে আরবিআই এর প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল

‌আইএমএফ–এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। ৩ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। সরকারের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে উর্জিত প্যাটেলের নিয়োগের কথা জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, ‘‌মন্ত্রীসভার নিয়োগ কমিটি অর্থনীতিবিদ এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডঃ উর্জিত প্যাটেলকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ৩ বছরের জন্য নিয়োগের অনুমোদন দিয়েছে। এই পদের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে অনুমোদন কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন।’‌

রঘুরাম রাজনের পর ২০১৬ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২৪ তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন ডঃ উর্জিত প্যাটেল। যদিও খুব বেশিদিন তিনি এই পদে ছিলেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০১৮ সালে পদত্যাগ করেন। ১৯৯২ সালের পর তিনিই প্রথম আরবিআই গভর্নর পদত্যাগ করেছিলেন। আরবিআই গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহনের আগে উর্জিত প্যাটেল কেন্দ্রীয় ব্যাঙ্কে ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। সেখানে তাঁর দায়িত্বগুলির মধ্যে ছিল মুদ্রানীতি, অর্থনৈতিক নীতি গবেষণা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা, আমানত বীমা, যোগাযোগ এবং তথ্য অধিকার।

১৯৯৬–১৯৯৭ সময়কালে আইএমএফ থেকে কেন্দ্রীয় ব্যাঙ্কে ডেপুটেশনে ছিলেন উর্জিত প্যাটেল। সেই সময় তিনি ঋণ বাজারের উন্নয়ন, ব্যাঙ্কিং খাতের সংস্কার, পেনশন তহবিল সংস্কার এবং বৈদেশিক মুদ্রা বাজারের বিবর্তনের বিষয়ে পরামর্শ প্রদান করেছিলেন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। এছাড়া সরকারি ও বেসরকারি ক্ষেত্রে অন্যান্য দায়িত্বও পালন করেছেন।

মে মাসে ডঃ কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যমকে তাঁর পদ থেকে সরিয়ে দেয় সরকার। সুব্রহ্মণ্যমকে অপসারণ করার কয়েক মাস পর উর্জিত প্যাটেলকে নিয়োগ করা হল। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৬ মাস আগে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!