Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৬, ২০২৩

জেল থেকে পলাতক সুদানের প্রাক্তন মন্ত্রী, সঙ্গী আল-বসিরের অনুগামী

আরম্ভ ওয়েব ডেস্ক
জেল থেকে পলাতক সুদানের প্রাক্তন মন্ত্রী, সঙ্গী আল-বসিরের অনুগামী

সুদানের প্রাক্তন রাজনীতিক আহমেদ হারুন এবং সুদানের প্রাক্তন প্রেসিডেন্ট জেলবন্দি ওমর আল-বসিরের অনুগামীদের একাংশ জেল থেকে পলাতক।আন্তর্জাতিক ফৌজদারি আদালতে গুরুতর অপরাধে অভিযুক্ত  হারুন এবং তাঁর সঙ্গীরা। সেনা ও আধা সেনার মধ্যে লাগাতার সংঘর্ষের মধ্যে জেল থেকে পালানোর এই ঘটনা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সুদানে। সূত্রের খবর, সেদেশের রাজধানী খারতুমের কোবের জেল থেকে পালিয়েছেন আহমেদ হারুন এবং প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল-বসিরের অনুগামীদের একাংশ।

গত ১৫ এপ্রিল থেকে সুদানে শুরু হয়েছে গৃহযুদ্ধ।ইদের সময় যুদ্ধবিরতি চলাকালীনই কয়েদ ভেঙ্গে পালান প্রাক্তন রাজনীতিক আহমেদ হারুন। এরপরে একটি টিভি চ্যানেল মারফত বার্তা দেন হারুন,  বিচারবিভাগের কাজ শুরু হলে ফের আদালতে হাজিরা দিতে তৈরি তিনি।

টিভি চ্যানেলে সম্প্রচারিত আহমেদ হারুনের এই অডিও বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হারুন দাবি করেছেন, আধা সেনাকর্মী এবং জেলের নিরাপত্তারক্ষীদের সহায়তা নিয়ে জেল থেকে পালাতে পেরেছেন তিনি। জেলে খাদ্য,জল থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার কোনও ব্যবস্থাই নেই। ইতিমধ্যেই অনেক বন্দীর মৃত্যুও হয়েছে সেখানে।

হারুনের বিরুদ্ধে একাধিক মামলা চলছে দেশে বিদেশে। ২০০৭ সালে, সুদানে নৃশংস গণহত্যার পেছনে প্রত্যক্ষ মদত ছিল তার, রয়েছে এই অভিযোগও। সেইসময়ে আহমেদ ছিলেন সুদানের মন্ত্রী। এছাড়াও তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগ রয়েছে। খুন এবং ধর্ষণ সংক্রান্ত মাংলাও আছে বেশ কয়েকটি। যদিও আহমেদ হারুন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

রাষ্ট্রসঙ্ঘের এক আধিকারিকের কথায়, হারুন একজন ভয়ঙ্কর অপরাধী। কোনওভাবেই ওকে নির্ভরযোগ্য বলা যাবে না। গত দু’দশক ধরে হারুনের অনুগামীরা গাঢাকা দিয়ে রয়েছেন। প্রসঙ্গত, ২০১৯ সালে আহমেদ হারুন গ্রেফতার হন ওমর আল-বসিরকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পরেই। তখন থেকেই সুদানে ধারাবাহিক অশান্তির সূত্রপাত।

এদিকে সুদান সরকারের অভিযোগ, গত কয়েকদিনে সুদানের আধা সেনা মোট পাঁচটি জেল ভেঙে বন্দি পালাতে সহায়তা করেছে। যদিও আধা সেনা এই অভিযোগ পত্রপাঠ অস্বীকার করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!