- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- অক্টোবর ২৭, ২০২২
২৯ অক্টোবর থেকে ৩৭ চলচ্চিত্র নিয়ে নন্দনে বাংলাদেশ
৫ দিনের উৎসবে মেতে উঠবে মহানগরের মননের সাধনা
কার্তিকের শেষ লগ্নে অন্যরকম উদযাপনে মেতে উঠবে মহানগরের কলকাতা। তার রেশ কয়েকদিন জুড়ে আমাদের আড্ডায়, আমাদের তর্কবিতর্কে ছড়িয়ে থাকবে। বিষয়টি হচ্ছে, রবীন্দ্রসদনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। শুরু হবে ২৯ অক্টোবর, শনিবার।সমাপ্তি অনুষ্ঠান, ২ নভেম্বর, বুধবার।উৎসবের সূচনা করবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা হাছান মাহমুদ। বিদগ্ধ ব্যক্তি। শেখ হাসিনা মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য। ড. মাহমুদের উদ্বোধনী অভিজ্ঞতাকে ছুঁয়ে থাকবেন দুই দেশের বহুস্তরীয় গুণিজন।
বাংলাদেশের উপরাষ্ট্রপতি আন্দালিব ইলিয়াস, যিনি একজন সচেতন পাঠক আর তীক্ষ্ণ চলচ্চিত্র বোদ্ধা, জানিয়েছেন ৩৭টি তথ্য ও চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। হাসিনা, অ্যা ডটারস টেল, চিরঞ্জীব মুজিব থেকে পরান, হাওয়া সহ বহুমাত্রিক বিভিন্ন ছবি নন্দনের ১,২,৩ প্রদর্শন কক্ষে দেখার সুযোগ পাবেন দর্শকরা। দুপুর ১২টা থেকে ৮টা পর্যন্ত। প্রবেশমূল্য লাগবে না।
গত কয়েক বছর জুড়ে বাংলাদেশের তথ্যচিত্র, চলচ্চিত্র আর আলোকচিত্র আন্তর্জাতিক চর্চার বিষয় হয়ে উঠেছে। চলচ্চিত্রে উঠে আসছে দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়ণশীল দেশটির নির্মাণ ও সৃষ্টির অভিমুখ। বেশ কিছু তথ্যচিত্র আর চলচ্চিত্র আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি অস্কারের জন্য মনোনীত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া। একটি নিখুঁত চলচ্চিত্র।
বাংলাদেশের প্রকৃতিমগ্ন, সমাজমগ্ন আলোকচিত্রীদের কাজের মহিমা পশ্চিমি দুনিয়ায় বহুদিন জুড়ে স্বীকৃত। বাঙালির জাতিসত্তা খন্ডিত হলেও তার স্মৃতিসত্তা আর সৃষ্টিসত্তা যে অভিন্ন এবং সাংস্কৃতিক দেশভাগকে আমল দেয়নি, তা যেমন সাহিত্যকর্মে, যেমন চিত্রকর্ম ও ভাস্কর্যের নির্মানে উদ্ভাসিত, তেমনি চলচ্চিত্রের ক্যাম্পাসেও সমানভাবে কল্লোলিত। হতে পারে মন্থর অথবা ভৌগোলিকতা নির্ভর। কিন্তু যে সাধনায় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গীকারবদ্ধ, সেখানে সে আপসহীন এবং বঙ্গভাষীদের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে মুখরিত। তার চলচ্চিত্রের নির্মিতভাষা আর অভিব্যক্তিতে আবহমান বাঙালির মন ও মনন যেভাবে উঠে আসছে, যেভাবে সে বলতে চাইছে বিশ্বমানবকে আমি আমার অন্তরে ধারণ করেছি স্বতন্ত্র দূষ্টিতে– তা যে কোনও মহৎসৃষ্টির লক্ষণ।
❤ Support Us








