Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ২৫, ২০২২

আবার বাড়ল পেট্রল, ডিজেলের দাম! চারদিনে এই নিয়ে তৃতীয়বার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার বাড়ল পেট্রল, ডিজেলের দাম! চারদিনে এই নিয়ে তৃতীয়বার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার

লাগাতার বেড়ে চলেছে পেট্রল ও ডিজেলের দাম । গত চারদিনে তিনবার পেট্রল ও ডিজেলের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় গত চারদিনে পেট্রলের দাম বেড়েছে লিটারে ২ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে লিটারে ২ টাকা ৪৩ পয়সা।বৃহস্পতিবার রাতে পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ৮০ পয়সা বাড়ানো হয়েছে। আজ, শুক্রবার কলকাতা-সহ রাজ্যের পেট্রল পাম্পগুলিতে পেট্রল বিক্রি হবে ১০৭ টাকা ১৮ পয়সা লিটার দরে এবং ডিজেল বিক্রি হবে ৯২ টাকা ২২ পয়সা লিটার দরে।

পাঁচ রাজ্যে ভোটের জন‌্য নরেন্দ্র মোদি সরকার তিনমাস পেট্রোল, ডিজেল-সহ গ‌্যাসের দাম বাড়ায়নি। কিন্তু, ভোট ও হোলি মিটতেই সোমবার সপ্তাহের শুরুর দিনেই রান্নার গ‌্যাসের দাম সিলিন্ডারে ৫০ টাকা ও পেট্রল, ডিজেলের দাম লিটারে ৮৪ পয়সা বাড়িয়েছিল কেন্দ্র। মঙ্গলবার ফের ৮০ পয়সা করে দাম বাড়ে পেট্রল ও ডিজেলের। মাঝে শুধু বুধবার দামের কোনও পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার ফের দাম বাড়ায় সাধারণ লোকের মাথায় হাত।

উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত মঙ্গলবারই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে কটাক্ষ করে টুইটারে লিখেছিলেন, গ্যাস, ডিজেল ও পেট্রলের মূল্যের উপর আরোপিত ‘লকডাউন’ তুলে নেওয়া হয়েছে। এবার কেন্দ্র লাগাতার দামের ‘উন্নয়ন’ করবে। সেই সঙ্গে তাঁর আরও খোঁচা, প্রধানমন্ত্রীকে মূদ্রাস্ফীতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলবেন, ‘থালি বাজাও।’

বাজারে কাঁচা সবজি থেকে মাছ-মাংস-ডিম সবেতেই আগুন। হাত দিলেই ছ্যাঁকা খেতে হয়। জিনিসপত্রের মূল‌্যবৃদ্ধি। ভোজ‌্য তেলের দাম আকাশ ছুঁয়েছে। এই অবস্থায় জ্বালানি যদি রোজ মহার্ঘ‌্য হতে থাকে, তাহলে সমস্ত পণ্যের আরও মূল‌্যবৃদ্ধি ঘটবে। চাপ বাড়বে মধ্যবিত্তের সংসারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!