Advertisement
  • দে । শ
  • মার্চ ৩০, ২০২৩

সৌজন্যের শেষ খেলা দেখিয়েছি, কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার ধারা এখনো অব্যাহত। ধরনা মঞ্চ থেকে সরব মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
সৌজন্যের শেষ খেলা দেখিয়েছি, কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার ধারা এখনো অব্যাহত। ধরনা মঞ্চ থেকে সরব মমতা

রেড রোডের ধরনা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে একহাত নিলেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি সামন্তপ্রভু জমিদারদের মতোই আচরণ করছে। যাঁরাই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছে, তাঁদের জেলে পোরা হচ্ছে।

এদিন মমতা বলেছেন, বিজেপি অভিযোগ করছে বাংলায় গণহত্যা হচ্ছে। কিন্তু আদতে গণহত্যার মানে কি বিজেপি জানে? গোধরায় যে ঘটনা ঘটেছিল, সেটা গণহত্যা। এআরসি, সিএএ ইস্যু থেকে শুরু করে বিলকিস বানু প্রসঙ্গেও এদিন বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা। প্রসঙ্গত, রেড রোডে দু’দিনের জন্যে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে এও বলেছেন, যাঁরা বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছে, জেলে পোরা হচ্ছে সেইসব প্রতিবাদী কণ্ঠস্বরকে। বিজেপির বিরুদ্ধাচারণ করে কেউ মুখ খুললেই তাঁর বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকাকারী সংস্থাগুলিকে। এদিন বিজেপি দলটার সততা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি-এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে, এদিন মমতা সেই প্রসঙ্গও টেনে এনেছেন।

পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে রেড রোডের ধরনা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, রাজ্য সরকারের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।

একইসঙ্গে মমতা এও বলেছেন, যে সমস্ত রাজনীতিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করছে কেন্দ্রের বিজেপি সরকার, তাঁদের ওই মামলাগুলি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বিজেপিতে যোগদান করলেই। এজন্য প্রতীকী হিসেবে ধরনা মঞ্চে আনা হয় ওয়াশিং মেশিন। ওই ওয়াশিং মেশিনে কালো কাপড় ঢুকিয়ে বের করা হয়েছে সাদা কাপড়।

তৃণমূল কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিলেও এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির দুঃশাসনের মোকাবিলায় দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এদিন বিজেপিকে দুর্যোধনের সঙ্গেও তুলনা করেন মমতা। তিনি এও বলেন, বিজেপিকে ক্ষমতা থেকে অপসারিত করতে হবে দেশের সাধারণ নাগরিকদের স্বার্থরক্ষার্থেই। এদেশে গণতন্ত্রকে রক্ষা করতে এই কাজটা জরুরি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!