- দে । শ
- মার্চ ১১, ২০২৩
নগ্নতায় নারী স্বাধীনতার উদযাপন ! বার্লিন প্রশাসনের নয়া নির্দেশকে ঘিরে উঠছে প্রশ্ন
উর্ধাঙ্গ উন্মুক্ত রেখে সুইমিং পুলে বিচরণ করতে পারবেন মেয়েরাও। বিস্ময়ের হলেও এমনই এক নির্দেশ জারি করল বার্লিন। প্রশাসনিক দপ্তর সূত্রে খবর, যে অধিকার এতদিন ছেলেদের কুক্ষিগত ছিল, এখন থেকে মেয়েরাও তা উপভোগ করতে পারবেন।
কয়েকমাস আগে বার্লিনে সুইমিং পুলে মহা এক ফ্যাসাদে পড়েন দুই তরুণী। এদের মধ্যে একজন উর্ধাঙ্গ অনাবৃত রেখে রৌদ্রস্নান করছিলেন আর অপরজন স্নান সেরে বিবস্ত্র অবস্থায় জল থেকে উঠে আসছিলেন। প্রথম জনকে সুইমিং পুল কর্তৃপক্ষের আদেশে বের করে দেওয়া হয়। আর দ্বিতীয় জনকে পোষাক পরিধান করতে বাধ্য করা হয় বলে অভিযোগ। দুজনেই প্রশাসনের কাছে তাঁদের মানহানির অভিযোগ জানান। তাঁদের বক্তব্য, পুরুষরা যদি উর্ধাঙ্গ অনাবৃত রেখে স্নান করতে পারেন তাহলে সে অধিকার তাঁদেরও থাকা উচিত।
বার্লিন প্রশাসন অবশ্য দুই তরুণীর যুক্তি মেনে নিয়ে সুইমিং পুলে লিঙ্গ নির্বিশেষে সকলের জন্যই বিবস্ত্র অবস্থায় স্নান করবার অনুমতি দিয়েছেন। তাঁরা জানিয়েছেন ওই নারীরা বৈষম্যের শিকার হয়েছেন। লিঙ্গ সাম্য সুনিশ্চিত করতে হলে কোনো বৈষম্য কাম্য নয়। প্রশাসনিক কর্তাব্যক্তিদের পক্ষ থেকে জানান হয়েছে, বিদেশিরাও এ অধিকার এবার থেকে ভোগ করতে পারবেন।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মানির মুক্তমনা সংগঠনগুলি। তাঁদের দাবি, প্রশাসনের এমন পদক্ষেপ নারী স্বাধীনতাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ফ্রিকোর্পারকালচার নামের এক সংগঠনের সদস্য বলেছেন,মেয়েদের নিজেদের মতো জীবন কাটানোর অধিকারকে স্বীকৃতি দিল এই সিদ্ধান্ত। যদিও যারা বাইরে থেকে জার্মানিতে ভ্রমণ করতে আসবেন তাঁরা এমন দৃশ্য দেখে অস্বস্তিতে পড়তে পারেন। যার প্রভাব দেশের পর্যটন শিল্পের ওপর পড়তে পারে। এমন আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু নারী স্বাধীনতার ভ্রান্ত ধারণায় এই সমস্ত জল্পনা-আশঙ্কা আপাতত অর্থহীন। তাই ১৯১১ সাল থেকে আজ পর্যন্ত এতগুলো আন্তর্জাতিক নারী দিবস পেরিয়ে যাওয়ার পরেও নগ্নতার মধ্যে স্বাধীনতাকে খুঁজে নিতে হচ্ছে পুঁজিবাদী দেশের তথাকথিত শিক্ষিত প্রগতিশীল নারীদের।
❤ Support Us







