Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ৭, ২০২৫

আয়ারল্যান্ডে এবার নিগৃহীত ৬ বছরের ভারতীয় মেয়ে, ঘুষি, গোপনাঙ্গে সাইকেল দিয়ে আঘাত

আরম্ভ ওয়েব ডেস্ক
আয়ারল্যান্ডে এবার নিগৃহীত ৬ বছরের ভারতীয় মেয়ে, ঘুষি, গোপনাঙ্গে সাইকেল দিয়ে আঘাত

‌আয়ারল্যান্ডে আবার নিগৃহীত ভারতীয়। ওয়াটারফোর্ডে ভারতীয় বংশোদ্ভূত ৬ বছর বয়সী এক মেয়েকে একদল ছেলে নৃশংসভাবে লাঞ্ছিত করেছে। ‘‌ভারতে ফিরে যাও’‌ বলার পাশাপাশি ওই বাচ্চা মেয়েটির গোপনাঙ্গে আঘাত করেছে বলে অভিযোগ। আয়ারল্যান্ডে ভারতীয় বংশোদ্ভূত কোনও শিশুর ওপর বর্ণবাদী হামলার এটাই প্রথম ঘটনা।
সোমবার সন্ধেয় বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে খেলছিল ৬ বছরের ভারতীয় বংশোদ্ভূত ওই মেয়েটি। সেই সময় ৮ বছরের একটা মেয়ে ও ১২–১৪ বছরের বেশ কয়েকটা ছেলে এসে ভারতীয় বংশোদ্ভূত ওই মেয়েটিকে ঘিরে ধরে। তাকে বলতে থাকে ‘‌ভারতে ফিরে যাও’‌। এই কথাগুলো বলার সময় ছেলেগুলি মেয়েটিকে ঘুষি মারে, সাইকেল দিয়ে মেয়েটির গোপনাঙ্গে আঘাত করে। সেই সময় মেয়েটির মা ঘটনাস্থলে ছিলেন না। ছোট্ট শিশুকে খাওয়াতে বাড়ির ভেতর গিয়েছিলেন।
মেয়েটির মা একজন নার্স। সম্প্রতি তিনি আয়ারল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন। দ্য আইরিশ মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে লাঞ্ছিত মেয়েটির মা বলেন, ‘‌আমার ৬ বছরের মেয়ে বাড়ির বাইরে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল। আমি আমার ১০ মাসের শিশুকে সেইসময় বাড়ির ভেতরে খাওয়াতে গিয়েছিলাম। তবুও বাড়ির বাইরে নজর রাখছিলাম। ছোট বাচ্চাটি কাঁদতে শুরু করায় একটু অন্যমনস্ক হয়েছিলাম। সেই সময় ১২–১৪ বছর বয়সী কয়েকজন ছেলে এসে আমার মেয়েকে আক্রমণ করে। মিনিটখানেক পর আমার মেয়ে মন খারাপ করে ঘরে ফিরে আসে। তখন খুব বিরক্ত ছিল এবং কাঁদতে শুরু করেছিল। এতটাই ভয় পেয়ে গিয়েছিল, কথাও বলতে পারছিল না।’‌
পরে হামলায় জড়িত থাকা ছেলেদের দলকে দেখতে পান ওই মহিলা। ওই ছেলেদের দল মেয়েটির মায়ের দিকে তাকিয়ে হাসছিল। মেয়েটির মা বলেন, ‘‌আমি পরে ওই ছেলেদের দলটিকে দেখতে পাই। ওরা আমার দিকে তাকিয়ে হাসছিল। ওরা জানত, আমিই মেয়েটির মা। ছেলেদের বয়স ১২–১৪ বছরের মধ্যে।’‌ মেয়েটির মা আরও বলেন, ‘‌আমরা এখানে একদমই নিরাপদ বোধ করি না। এমনকি আমাদের নিজের বাড়ির সামনেও। আমার মনে হয়না মেয়ে আর বাড়ির বাইরে খেলতে যাবে। ওর জন্য খুব খারাপ লাগছে। আমি ওকে রক্ষা করতে পারিনি। কখনও আশা করিনি যে এমন ঘটনা ঘটবে। ভেবেছিলাম সে এখানে নিরাপদ থাকবে।’‌
পুরো ঘটনাটি গার্ডাকে জানালেও মেয়েটির মা ওই হামলাকারী ছেলেদের শাস্তি চান না। তিনি চান কাউন্সেলিং করে ওদের সঠিক পথে পরিচালনা করা হোক। তিনি বলেন, ‘‌আমি জানি না সরকার কীভাবে এই সমস্যার সমাধান করবে। আমরা এখানে এসেছি শ্রমিকের শূন্যতা পূরণ করতে। এখানে আসাটা একটা সংগ্রাম। আমরা যোগ্যতা ছাড়া আসি না। আমরা প্রশিক্ষিত এবং সরকারের আমাদের প্রয়োজন। আমি চাই ওই ছেলেদের সঠিকভাবে কাউন্সেলিং করা হোক।’‌ ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!