- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১, ২০২৩
গুরু ধোনিকে টেক্কা হার্দিকের, জয় দিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাটের
মহেন্দ্র সিং ধোনিকে বরাবরই ‘গুরু’ মানেন হার্দিক পান্ডিয়া। মাঠে প্রতিটা পদক্ষেপে ধোনিকে অনুসরণ করার চেষ্টা করেন। শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘গুরু’কে টেক্কা দিয়ে গেলেন শিষ্য। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ৩৬ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলে গুজরাটের জয়ের ভিত গড়ে দেন শুভমান গিল। প্রথমে ব্যাট করে ১৭৮/৭ তুলেছিল চেন্নাই সুপার কিংস। জবাবে ৪ বল বাকি থাকতে ১৮২/৫ রান তুলে জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স।
টস জিতে এদিন চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তৃতীয় ওভারেই চেন্নাই ইনিংসে ধাক্কা দেন মহম্মদ সামি। তুলে নেন ডেভন কনওয়েকে (১)। কনওয়েকে বোল্ড করে আইপিএলে ১০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান সামি। ৫ ওভারে ৪৬ রানে পৌঁছে যায় চেন্নাই। ষষ্ঠ ওভারে রশিদ খান আক্রমণে এসেই তুলে নেন মইন আলিকে (১৭ বলে ২৩)। পাওয়ার প্লে–র ৬ ওভারে চেন্নাই তোলে ৫১/২। অস্টম ওভারে চেন্নাইকে আবার ধাক্কা দেন রশিদ খান। বেন স্টোকসকে (৭) তুলে নেন।
ঋতুরাজকে অবশ্য আটকানো যায়নি। ২৩ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। অম্বাতি রায়ুডু (১২) রান না পেলেও দলকে টেনে নিয়ে যান ঋতুরাজ। শেষ পর্যন্ত ৫০ বলে ৯২ রান করে আলজেরি জোশেফের বলে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ঋতুরাজের ইনিংসে রয়েছে ৪টি ৪ ও ৯টি ৬। রবীন্দ্র জাদেজা (১) রান পাননি। ১৮ বলে ১৯ রান করে আউট হন শিবম দুবে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭৮/৭ তোলে চেন্নাই। ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ধোনি। মহম্মদ সামি, রশিদ খান ও আলজেরি জোশেফ ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল ওপেনিং জুটিতে তোলেন ৩৭। আইপিএলের অভিষেক ম্যাচেই গুজরাটকে প্রথম ধাক্কা দেন রাজবর্ধন হাঙ্গারগেকর। তুলে নেন ঋদ্ধিকে (১৬ বলে ২৫)। চোট পাওয়ায় কেন উইলিয়ামসনের পরিবর্তে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামা সাই সুদর্শন ১৭ বলে ২২ রান করে আউট হন। তাঁকেও তুলে নেন রাজবর্ধন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া (১১ বলে ৮) ব্যর্থ।
১১১ রানে ৩ উইকেট হারায় গুজরাট। এরপর দলকে এগিয়ে নিয়ে যান শুভমান ও বিজয় শঙ্কর। ১৫তম ওভারের শেষ বলে জুটি ভাঙেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ তুষার দেশপান্ডে। তুলে নেন শুভমান গিলকে। ৩৬ বলে ৬৩ রান করে আউট হন শুভমান। গুজরাটকে কে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিজয় শঙ্কর (২১ বলে ২৭)। তাঁকে তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেন রাজবর্ধন হাঙ্গারগেকর। শেষ পর্যন্ত গুজরাটকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রাহুল তেওয়াটিয়া (১৪ বলে অপরাজিত ১৫) ও রশিদ খান (৩ বলে অপরাজিত ১০)। ১৯.২ ওভারে ১৮২/৫ তুলে ম্যাচ জিতে নেয় গুজরাট। আইপিএল অভিষেক ম্যাচে ৩৬ রানে ৩ উইকেট তুলে নেন রাজবর্ধন হাঙ্গারগেকর।
❤ Support Us








