Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৭, ২০২২

গুজরাটে বিধানসভা ভোটে কংগ্রেস ও বিজেপির হয়ে লড়াইয়ে নামছেন রবীন্দ্র জাদেজার বোন ও স্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
গুজরাটে বিধানসভা ভোটে কংগ্রেস ও বিজেপির হয়ে লড়াইয়ে নামছেন রবীন্দ্র জাদেজার বোন ও স্ত্রী

কদিন আগেই গুজরাটের বিধানসভার ভোট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ২ ও ৫ ডিসেম্বর দু’‌দফায় ভোট হবে। ইতিমধ্যেই নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে তুলে ধরেছেন। মোরবি কান্ডে কিছুটা হলেও চাপে ফেলেছে শাসক দল বিজেপিকে। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে কংগ্রেস ও আম আদমি পার্টি। এরই মাঝে নজর কাড়তে চলেছে গুজরাটের জামনগর উত্তর কেন্দ্র। সূত্রের খবর, এই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বোন ও স্ত্রী।

দীর্ঘদিন ধরেই জামনগর উত্তর কেন্দ্রের বিজেপি–র বিধায়ক রবীন্দ্র জাদেজার বাবা ধর্মেন্দ্র সিং জাদেজা। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দিতে চাইছে না বিজেপি। বিজেপি–র রাজ্য নেতৃত্ব চাইছে ধর্মেন্দ্র জাদেজার জায়গায় তাঁর পুত্রবধূ তথা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিবাবাকে প্রার্থী করতে। ২০১৯ সালে রবীন্দ্র জাদেজা ও রিবাবা বিজেপিতে যোগ দিয়েছিলেন। রিবাবার বাবাও বিজেপি করেন। তিনি রাজকোটের বড় শিল্পপতি। তাই সবদিক বিবেচনা করেই রিবাবাকে প্রার্থী করতে চাইছে বিজেপি।

অন্যদিকে, রবীন্দ্র জাদেজার বোন নয়না জাদেজাও দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে রয়েছেন। জামনগরে বেশ জনপ্রিয় নয়না। তিনি জামনগরের জেলা মহিলা কংগ্রেসের প্রধান নেত্রী। কংগ্রেসের যথেষ্ট সক্রিয় কর্মী। নানারকম সমাজসেবা মূলক কাজের সঙ্গেও জড়িত। তাঁকেই এবার জামনগর উত্তর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করতে চলেছে গুজরাট রাজ্য কংগ্রেস।
অধিকাংশ সময় রাজকোটে থাকলেও জামনগরে নিয়মিত যাতায়াত রয়েছে নয়না জাদেজার। তাঁকে প্রার্থী করে জাদেজা পরিবারে লড়াই বাধিয়ে দিতে চাইছে কংগ্রেস। জাদেজা পরিবারে রাজনৈতিক লড়াই নিয়ে ইতিমধ্যেই সরগরম গুজরাট বিধানসভা ভোট। যদিও কংগ্রেস ও বিজেপি এখনও সরকারিভাবে চূড়ান্ত  প্রার্থী তালিকা প্রকাশ করেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!